মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়প্রেসক্লাব এলাকা থেকে মেজর হাফিজ আটক

প্রেসক্লাব এলাকা থেকে মেজর হাফিজ আটক

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

সংবাদ সম্মেলন শেষে বের হওয়ার পরে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।নির্বাচনের তফসিল বাতিল না হওয়া পর্যন্ত সারা দেশে ১৮ দলের  নেতা-কর্মীরা রাজপথ, নৌপথ ও রেলপথে অবস্থান নেবে বলে ঘোষণা দেওয়ার পরে তাঁকে আটক করা হয়।

আজ রোববার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলন করেন বিএনপির নেতা হাফিজ। সেখানে তিনি আওয়ামী লীগের নেতা সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্য প্রসঙ্গে বলেছেন, ‘আমরা হতবাক হয়েছি। তিনি বিএনপির চেয়ারপারসনকে নিয়ে রুচিবিবর্জিত ভাষায় বক্তব্য দিয়েছেন, বিভিন্ন বিদ্রূপ করেছেন, যা কোনোভাবেই কাম্য নয়।’

সংবাদ সম্মেলনে হাফিজউদ্দিন জোটের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করেন।তিনি বলেন, ‘আগামীকাল ১৮ দলের“গণতন্ত্রের অভিযাত্রা” কর্মসূচি অব্যাহত থাকবে।সেই সঙ্গে ঢাকাসহ সারা দেশে জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে ১৮ দলের নেতা-কর্মীরা রাজপথ, নৌপথ ও রেলপথে অবস্থান নেবে।’ নির্বাচনের তফসিল বাতিল না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে তিনি জানান।

সংবাদ সম্মেলনে তিনি জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর হামলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর হামলা ও সুপ্রিম কোর্টে সরকারি দলের বিএনপিপন্থী আইনজীবীদের ওপর হামলার নিন্দা জানান। তিনি বলেন, ‘সরকার জঙ্গি স্টাইলে আজ হামলা চালিয়েছে।’ এটি বিরল ঘটনা বলে মন্তব্য করেন তিনি। সংবাদ সম্মেলন শেষে বের হওয়ার সময় প্রেসক্লাবের সামনে থেকে তাঁকে পুলিশ আটক করে।

শাহবাগ থানা পুলিশের ভ্রাম্যমাণ পরিদর্শক মোহাম্মদ শহীদুল ইসলাম সাংবাদিকদের জানান, পুলিশের গোয়েন্দা বিভাগ তাঁকে আটক করেছে।

আরও পড়ুন

সর্বশেষ