আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল ঢাকা অভিমুখী কর্মসূচি দিয়ে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার প্রয়াস চালিয়ে ব্যর্থ হয়েছে। নির্বাচন প্রতিহতের ঘোষণা দিয়ে বিরোধী জোটের ঢাকা অভিমুখী কর্মসূচি নিয়ে উত্তেজনার মধ্যে রোববার বিকালে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে ওই সংবাদ সম্মেলনে আশরাফ বলেন, “আপনারা (সাংবাদিক) ভয়ানক ভয়ানক হেডলাইন করেছিলেন। কী হয়েছে, কিছুই হয়নি।” “খালেদা জিয়া আবারো ব্যর্থ হয়েছেন। কারণ এই কর্মসূচির সঙ্গে জনগণের আত্মিক কোনো সম্পর্ক নেই,” বলেন তিনি। আশরাফ বলেন, “জানমালের ক্ষতি করে কোনো দাবি আদায় করতে কেউ পারে নাই। এবারো খালেদা জিয়া পারবেন না।” আগামী ৫ জানুয়ারির নির্বাচন থেকে আওয়ামী লীগ কোনোভাবেই পিছু হটবে না বলে আবার ঘোষণা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।




