বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিননতুন সূচিতে চলছে রেলওয়ে পূর্বাঞ্চলে ট্রেন

নতুন সূচিতে চলছে রেলওয়ে পূর্বাঞ্চলে ট্রেন

এক বছর তিন মাস ১০ দিন পর রেলের সময়সূচি পরিবর্তন হয়েছে। আজ সোমবার থেকে রেলের ওয়ার্কিং টাইম টেবিল-৫৪ (ডব্লিউটিটি) কার্যকর হয়েছে। নতুন ওয়ার্কিং টাইম টেবিল-৫৪ অনুযায়ী, রেলওয়ে পূর্বাঞ্চলে কয়েকটি আন্তঃনগর ট্রেনের যাত্রার সময় এগিয়ে আনা হয়েছে এবং কয়েকটি ট্রেনের যাত্রার সময় পিছিয়েছে। ট্রেনের যাত্রার ও গন্তব্যে পৌঁছার সময় ছাড়াও যাত্রা পথে বিরতির সময়সহ ট্রেন অপারেশনের একাধিক পরিবর্তন এসেছে নতুন টাইম টেবিলে।

রবিবার (৯ মার্চ) দিবাগত রাত ১২টা ১ মিনিটে সারাদেশে রেলওয়ের বেশিরভাগ আন্তঃনগর, মেইল, কমিউটার ও এক্সপ্রেস ট্রেন নতুন সূচিতে চলাচল শুরু করে।

নতুন সময়সূচিতে রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন সুবর্ণ এক্সপ্রেস সকাল সাড়ে ৭টার পরিবর্তে চট্টগ্রাম থেকে ছাড়বে সকাল ৭টায়। চাঁদপুরগামী আন্তঃনগর ট্রেন মেঘনা এক্সপ্রেস সন্ধ্যা ৬টার পরিবর্তে বিকেল ৫টা ১৫ মিনিটে চট্টগ্রাম ছেড়ে যাবে। এক্ষেত্রে যাত্রার সময় ৪৫ মিনিট এগিয়ে আনা হয়েছে। ১০ মিনিট এগিয়ে আন্তঃনগর ট্রেন কক্সবাজার এক্সপ্রেস দুপুর সাড়ে ১২টায় কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়বে। জামালপুর থেকে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস আগের চেয়ে ১০ মিনিট এগিয়ে জামালপুর স্টেশন ছাড়বে রাত ৮টায়। এবং আন্তঃনগর ট্রেন অগ্নিবীণা এক্সপ্রেস তারাকান্দি থেকে সন্ধ্যা সাড়ে ৬টার পরিবর্তে বিকাল সাড়ে ৫টায় ঢাকার উদ্দেশ্যে ছাড়বে।

নতুন ওয়ার্কিং টাইম টেবিল অনুযায়ী, চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন সোনার বাংলা এক্সপ্রেস যাত্রার সময় ১৫ মিনিট পিছিয়ে বিকাল ৫টায় ছাড়া হবে। ঢাকা থেকে কক্সবাজারগামী আন্তঃনগর ট্রেন কক্সবাজার এক্সপ্রেসের যাত্রার সময় ৩০ মিনিট পিছিয়ে দেয়া হয়েছে। এখন থেকে ট্রেনটি রাত সাড়ে ১০টার পরিবর্তে ঢাকা ছাড়বে রাত ১১টায়।

অপরদিকে পর্যটক এক্সপ্রেস রাত সাড়ে ৮টার বদলে সন্ধ্যা পৌনে ৮টায় কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়বে। সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস বেলা সাড়ে ৩টার পরিবর্তে ঢাকার উদ্দেশ্যে ছাড়বে বিকাল ৪টায়। ঢাকা থেকে ভূঞাপুরগামী জামালপুর এক্সপ্রেস বিকাল সাড়ে ৪টার পরিবর্তে এখন ছাড়বে বিকাল সোয়া ৫টায়।

চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর গোধুলী আগের সময় বেলা ৩টায়, মহানগর এক্সপ্রেস বেলা সাড়ে ১২টায়, তূর্ণা নিশীথা রাত সাড়ে ১১টায় ছাড়বে। এছাড়া, চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তঃনগর ট্রেন পাহাড়িকা এক্সপ্রেস আগের মতো সকাল ৭টা ৫০ মিনিটে এবং উদয়ন এক্সপ্রেস রাত পৌনে ১০টায় চট্টগ্রাম স্টেশন ছেড়ে যাবে। সিলেটগামী দুটি ট্রেনেরই ছাড়ার সময় অপরিবর্তিত আছে।

তাছাড়া ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে আন্তঃনগর ট্রেন মহানগর প্রভাতী আগের মতো সকাল পৌনে ৮টায় ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে। রেলওয়ে পূর্বাঞ্চলের অধীনে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, ময়মনসিংহসহ বিভিন্ন রুটে বর্তমানে ২৯ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করে।

অন্যদিকে ঢাকামুখী চট্টলা এক্সপ্রেস আগের সময় সকাল ৬টায় ঢাকার উদ্দেশ্যে ছাড়বে, কিন্তু ঢাকা থেকে দুপুর ১টা ৪৫ মিনিটের বদলে ছাড়বে ২টা ১৫ মিনিটে।

চট্টগ্রাম ও কক্সবাজার রুটে চলাচল করা সৈকত ও প্রবাল এক্সপ্রেসের সময়েও কিছুটা পরিবর্তন এসেছে। প্রবাল এক্সপ্রেস কক্সবাজার থেকে ১০টা ৩৫ মিনিটের বদলে ১০টা ২০ মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসবে। এবং সৈকত এক্সপ্রেস রাত ৮টা ১৫ মিনিটের পরিবর্তে রাত ৮টায় চট্টগ্রামের উদ্দেশ্যে ছাড়বে।

এর আগে, ২০১৭ সালের ১ মার্চ ৫১ নম্বর টাইম টেবিল। ২০২০ সালের ১০ জানুয়ারি ৫২ নম্বর টাইম টেবিল এবং ২০২৩ সালের ১ ডিসেম্বর ৫৩তম ওয়ার্কিং টাইম টেবিল কার্যকর করেছিল বাংলাদেশ রেলওয়ে।

আরও পড়ুন

সর্বশেষ