শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়বিএনপি-জামায়াত স্বাধীন দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে : এইচটি ইমাম

বিএনপি-জামায়াত স্বাধীন দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে : এইচটি ইমাম

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

নির্বাচন বানচালে বিএনপি যে কঠোর কর্মসূচিই দিক না কেন তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ কঠোর ব্যবস্থা নিবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচটি ইমাম।

তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি নির্বাচনে অংশ না নিতে পারে। কিন্তু তাদের নির্বাচন বানচালের ষড়যন্ত্র দুঃখজনক। তারা নির্বাচন বানচালে অবরোধের কর্মসূচি দিচ্ছে। মনে হয় যেন দেশে বিদেশী শুত্রু এসেছে। বিএনপি-জামায়াত স্বাধীন দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। শুক্রবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এইচটি ইমাম বলেন, মাত্র ৫টি জেলাতে কোনো নির্বাচন হবে না। বাকি ৫৯টি জেলাতে নির্বাচন হবে। তাই যেখানে নির্বাচন হবে শুধু সেখানেই নয়, যেখানে নির্বাচন হবে না সেখানেও বিএনপি-জামায়াতের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তিনি বলেন, আমরা গ্রুপ করে সারা দেশে সফর করবো। দুই একদিনের মধ্যে কখন কোথায় সফর হবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি আরো বলেন, সারাদেশে সাংগঠনিক সফরের মাধ্যমে নেতা-কর্মীদের উজ্জিবিত করা হবে। ভোটারদেরও উজ্জিবিত করা হবে যাতে তারা ভোট কেন্দ্রে আসেন। আওয়ামী লীগের নির্বাচনী প্রস্তুতি বিষয়ে এইচটি ইমাম বলেন, আমাদের নির্বাচনী প্রস্তুতি চলছে। নির্বাচনের জন্য নির্বাচন পরিচালনা বিষয়ক কমিটির অর্ন্তভুক্ত বেশ কয়েকটি উপ-কমিটি তৈরি করা হয়েছে বলে তিনি জানান।

এর মধ্যে দপ্তর বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক এসকে হাবিবুল্লাহ, নির্বাচনী আইন বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক ফজলে রাব্বি মিয়া, প্রশিক্ষণ বিষয়ক আহ্বায়ক সাবের হোসেন চৌধুরী, মিডিয়া বিষয়ক আহ্বায়ক ইকবাল সোবহান চৌধুরী, প্রচার বিষয়ক আহ্বায়ক আসাদুজ্জামান নূর, পেশাজীবী বিষয়ক আহ্বায়ক ইয়াফেস ওসমান, পর্যবেক্ষণ বিষয়ক আহ্বায়ক দীপু মনি, নির্বাচন কমিশন বিষয়ক আহ্বায়ক মহীউদ্দীন খান আলমগীর, সাংস্কৃতিক বিষয়ক আহ্বায়ক গোলাম কুদ্দুস। নির্বাচন পরিচালনা কমিটির বৈঠকে এই বৈঠকে কো-চেয়ারম্যান এইচটি ইমামের সভাপতিত্বে কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ