বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েবৃহস্পতিবার থেকে ২১টি কোম্পানির বাস টিকিট-কাউন্টার ভিত্তিতে চলবে

বৃহস্পতিবার থেকে ২১টি কোম্পানির বাস টিকিট-কাউন্টার ভিত্তিতে চলবে

সড়কে শৃঙ্খলা আনতে আব্দুল্লাহপুর থেকে রাজধানীর বিভিন্ন গন্তব্যে চলাচল করা ২১টি কোম্পানির বাস টিকিট-কাউন্টার ভিত্তিতে পরিচালনা করা হবে বলে ঘোষণা দিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম। মঙ্গলবার রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউতে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

মো. সাইফুল আলম বলেন, ‘আগামী বৃহস্পতিবার টিকিট কাউন্টার ভিত্তিক বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন করা হবে। এই রুটে প্রায় ২ হাজার ৬১০টি বাস চলবে। সবগুলো বাস একই রঙের (গোলাপি) হবে। এসব বাসে টিকিট ছাড়া কেউ উঠতে পারবেন না। যত্রতত্র বাসে ওঠা-নামাও করা যাবে না।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক বলেন, নিয়মনীতির তোয়াক্কা না করে গত ১৬ বছর ধরে ঢাকা শহরে বাস-মিনিবাস চুক্তিতে যাত্রী পরিবহন করছে। এতে গাড়ি চলাচলে অসম প্রতিযোগিতার সৃষ্টি হয়। যত্রতত্র যাত্রী উঠা-নামা করার কারণে সড়কে যানজট ও বিশৃঙ্খলা সৃষ্টি এবং দুর্ঘটনা ঘটছে। গত ১৯ ডিসেম্বর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ, ঢাকা মহানগরে যানজট নিরসন এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সিদ্ধান্ত অনুযায়ী গাড়ির মালিকরা গাড়িচালকদের সঙ্গে ট্রিপ ভিত্তিক চুক্তি না করে পাক্ষিক বা মাসিক ভিত্তিতে চুক্তি সম্পাদন করতে বলা হয়েছে। তাই আগামী বৃহস্পতিবার প্রাথমিকভাবে গাজীপুর থেকে ঢাকার বিভিন্ন গন্তব্যে টিকেট কাউন্টার ভিত্তিতে চালকরা গাড়ি চালাবেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় আব্দুল্লাহপুর থেকে কাউন্টার সার্ভিসের উদ্বোধন করা হবে।

সাইফুল আলম বলেন আরও বলেন, চলতি মাসের মধ্যে মিরপুর, গাবতলী, মোহাম্মদপুরে চলাচল করা বাসগুলো টিকিট কাউন্টারের মাধ্যমে পরিচালনা করা হবে। এখন থেকে বাস কাউন্টার পদ্ধতিতে চালাতে হবে এবং যাত্রীদেরকে নির্দিষ্ট কাউন্টার থেকে টিকেট সংগ্রহ করে গাড়িতে যাতায়াত করতে হবে। নির্দিষ্ট স্টপেজ ছাড়া গাড়ি দাঁড় করানো যাবে না এবং যাত্রী উঠানো যাবে না। যাত্রীরাও নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট কেটে বাসে উঠবেন।

টিকেট কাউন্টার ভিত্তিতে গাড়ি পরিচালনায় বাসচালক এবং সহকারীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে জানিয়ে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক বলেন, ‘টিকিট পদ্ধতিতে যাত্রী পরিবহনে সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ ছাড়া পরিবহন শ্রমিকরা যাতে যাত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করেন, তা বলা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেন, কোষাধ্যক্ষ এ এস এম আহম্মেদ খোকন, দপ্তর সম্পাদক কাজী মো. জোবায়ের মাসুদ প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ