৫ই আগস্টের আগে ব্যাংক লুট ও দখল করেছিল আওয়ামী লীগ, আর এরপর ব্যাংক দখল করছে একটি রাজনৈতিক দল বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ অভিযোগ করেন। এরআগে জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো শ্রমিক দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান তিনি।
রুহুল কবির রিজভী বলেন, ‘১৬ বছরের নিরবচ্ছিন্ন আন্দোলনের ফল জুলাই বিপ্লব। এই আন্দোলন করতে গিয়ে ৯৭ জন শ্রমজীবী মানুষ শহীদ হয়েছেন। তাদের অবদান গোটা জাতিকে আন্দোলনকে অগ্নিগর্ভ করেছে। কিন্তু অন্তর্বর্তী সরকার দেখি সবক দেয়। আবার দুই-রাজনৈতিক দল দেখি তারাও সবক দেয়। যে চাঁদাবাজ বিদায় নিয়েছে, আমরা আর কোনো চাঁদাবাজকে দেখতে চাই না। কাকে উদ্দেশ্যে করে বলছেন, আমরা কি বুঝতে পারি না? শেখ হাসিনার আমলে যারা ব্যাংক লুট ও ব্যাংক আত্মসাৎ করেছে, ৫ই আগস্টের পরে কি আমরা ব্যাংক আত্মসাৎ করতে দেখিনি? আমরা তো দেখেছি, ইসলামী ব্যাংকগুলো কীভাবে গ্রাস করে নিলো একটি রাজনৈতিক দলের অনুসারীরা।
তিনি বলেন, ‘বড় বড় কথা বলে বিএনপির নামে কলঙ্ক লেপনের চেষ্টা করছেন। কিন্তু পাড়া মহল্লায় টার্মিনাল দখল, টেন্ডার বাজিসহ ভাগাভাগিতে আপনাদের লোকজন জড়িত নেই? আমি সেই রাজনৈতিক দলটিকে বলতে চাই, খুব নীরবে সব অপকর্মের সঙ্গে আপনারা জড়িত। কারা পায়ের রগ কাটে তাদের তো জনগণ ঠিকই জানে।
রিজভী আরও বলেন, ‘খুব ঘোলা পানিতে মাছ শিকার করতে চান। আপনাদের একাত্তরের অর্জন কী? আপনারা একাত্তরের বিরোধিতা করেছেন। ৭২ ও ৯০-এর গৌরব বিএনপির। সেদিনও শেখ হাসিনার সঙ্গে আঁতাত করে এরশাদের কুলাঙ্গারের নির্বাচনে যাননি? ইসলাম নিয়ে রাজনীতি করেন। ইসলাম মানেতো মোনাফেকি করা না।




