আদালত প্রতিনিধিঃ (বিডি সময় ২৪ ডটকম)
ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র সাদেক হোসেন খোকার দুই মামলায় রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। তবে আদালত ১০ দিনের মধ্যে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। বুধবার বেলা ১১টার দিকে ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন ও তারেক ময়নুল ইসলাম ভূঁইয়া সূত্রাপুর থানায় হত্যা মামলা এবং পল্টন থানার রাষ্ট্রদ্রোহ মামলার শুনানি শেষে এই আদেশ দিয়েছেন।
পল্টন ও সূত্রাপুর থানার দুই মামলায় তদন্ত কর্মকর্তা বিএনপি নেতা খোকার বিরুদ্ধে আদালতের কাছে ১০ দিন করে ২০ দিনের রিমান্ড আবেদন করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলপূর্বক জামিন আবেদন করেন। উল্লেখ্য, ৪ ডিসেম্বর রাজধানীর উত্তরা থেকে সাবেক মেয়র সাদেক হোসেন খোকাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।




