ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
দশম জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে সারাদেশে এ পর্যন্ত যত হত্যা,গুম হয়েছে- তার জন্য নির্বাচন কমিশনকে দায়ী করেছন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, নির্বাচন কমিশনকে অবশ্যই জবাবদিহি করতে হবে। মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
নজরুল ইসলাম খান বলেন, সংকট সমাধানে আলোচনার পরবর্তী তারিখ নির্ধারিত হয়নি, এখনো সময় আছে আলোচনার মাধ্যমে তথাকথিত নির্বাচন বাতিল করে আবার সিডিউল দিয়ে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। কাদের মোল্লার রায় নিয়ে পাকিস্তানের সংসদে বিল পাশ করা প্রসঙ্গে তিনি বলেন, ‘এর প্রতিবাদ করা সরকারের দায়িত্ব, অনেক আগেই এর প্রতিবাদ করা উচিত ছিল, কিন্তু টকশো ও গণমাধ্যমে আসার পর আজ সরকার কথা বলেছে।’
যুদ্ধাপরাধীদের বিচার বিএনপি চায় মন্তব্য করে নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা সব সময়ই যুদ্ধাপরাধীদর বিচার চেয়েছি, কিন্তু সরকার যুদ্ধাপরাধীদের বিচার না করে মানবতাবিরোধী অপরাধের বিচার করছে। কিন্তু এ দু’টোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। অথচ আওয়ামী লীগের নির্বাচনী ইশতিহারে যুদ্ধাপরাধীদের বিচারের কথা উল্লেখ ছিল।’
এ নির্বাচনকে পাতানো নির্বাচন দাবি করে বিএনপির এই নেতা বলেন, ‘যে নির্বাচনে সরকারি দল বিরোধীদের মধ্যে আসন ভাগাভাগি করে দেয়, সে নির্বাচন অবশ্যই একটি পাতানো নির্বাচন। এমন নির্বাচন জনগনের কাছে প্রত্যাশিত ও গ্রহনযোগ্য নয়। জনগন এ নির্বাচন মানে না। তাই এ নির্বাচনের নামে নাটক বন্ধ করুন।’
শাসক দলের ক্যাডাররা বিরোধীদলের ওপর হামলা চালাচ্ছে অভিযোগ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের পাশাপাশি শাসক দলের ক্যাডাররা বিরোধীদলের নেতাকর্মীদের বাড়িবাড়ি গিয়ে হামলা চালাচ্ছে। সরকার যৌথ বাহিনী দিয়ে বিরোধীদলের নেতাকর্মীদের হত্যা করাচ্ছে অভিযোগ করে নজরুল ইসলাম খান বলেন, যৌথবাহিনী নামিয়ে সরকার হিট লিস্ট তৈরী করে বিরোধী দলের নেতাকর্মীদের খুন করা শুরু করেছে।
সরকার ক্ষমতাকে কুক্ষিগত করতে চাইছে উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, সরকার কোথাও কাউকে দাঁড়াতে দিচ্ছে না। ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জাতিকে দ্বিধাবিভক্ত করে ফেলছে। যার সুযোগ নেবার চেষ্টা করছে বিদেশীরাষ্ট্রগুলো।
দশম নির্বাচন নয় একাদশ জাতীয় নির্বাচন নিয়ে সংলাপ হতে পারে যোগাযোগ মন্ত্রীর এমন বক্তব্য প্রসঙ্গে নজরুল ইসলাশ খান বলেন, ‘তার এ বক্তব্য সরকারের পক্ষ থেকে নাকি দলের পক্ষ থেকে নাকি উভয় পক্ষ থেকে, নাকি তার নিজের পক্ষ থেকে এ বক্তব্য দিয়েছেন তা আমরা জানিনা। তার বক্তব্যের সাথে সরকারের অন্যান্য মন্ত্রী ও নেতাদের বক্তব্যের কোন মিল নেই। এমন গড়মিল আর গোজা মিল দিয়ে চলছে এ সরকার।’
বিনা নির্বাচনে এমপি হওয়ার বিষয়ে তিনি বলেন, তামাশার নির্বাচনে বানরের পিঠা ভাগাভাগির মতে করে সংসদীয় আসনগুলোকে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছে সরকার। এর ফলে ৫২ শতাংশ ভোটার ভোট দানের সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। বাকী ১৪৬টি আসনেও তারা আজ্ঞাবহ নির্বাচন কমিশনের সহায়তায় নির্বাচনে পিঠা ভাগাভাগির করার কৌশল নিয়ে জনমতের বিপরীতে অবস্থান নিয়েছে।
৭২ ঘণ্টার অবরোধের প্রথম দিনের চিত্র তুলে ধরে তিনি বলেন, আজ সারা দেশে নিহত হয়েছে ৩জন। এছাড়া আহত দুই শতাধিক নেতা আহত হয়েছে। গেপ্তার হয়েছে দেড় সহস্রাধিক।




