ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের মুক্তির দাবিতে নব গঠিত জেলা ও মহানগর জাপার নেতাকর্মীদের সঙ্গে বিলুপ্ত কমিটির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। মঙ্গলবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া আর সংঘর্ষে পুরো নগর জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। এদিকে মিছিলে পুলিশি হামলার প্রতিবাদে এবং এরশাদের মুক্তির দাবিতে রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টি বুধবার ও বৃহস্পতিবার রংপুর জেলায় ৪৮ ঘণ্টার হরতাল আহ্বান করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রওশন এরশাদের পক্ষ নেয়ায় এবং এরশাদের মুক্তির দাবিতে নিজ জেলা রংপুরে জোরালো কর্মসূচি গ্রহণ না করার অভিযোগে মহানগর জাতীয় পার্টির কমিটির বিলুপ্ত ঘোষণা করা হয়। করিম উদ্দিন ভরসাকে আহ্বায়ক ও মোস্তফাকে সদস্য সচিব করে জেলা কমিটি এবং মানিককে আহ্বায়ক ও ইয়াসিরকে সদস্য সচিব করে মহানগর কমিটি গঠন করা হয়। এদিকে বিলুপ্ত কমিটির জেলা সভাপতি রাঙ্গার অভিযোগ নতুন কমিটি গঠণে এরশাদের স্বাক্ষর নেই তাই তারা এটা মানেননা বলে জানান।
এছাড়া নবগঠিত কমিটি মঙ্গলবার দুপুরে এরশাদের মুক্তির দাবিতে নগরীতে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী নগরীর শাপলা চত্বর থেকে জাপার বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে জাহাজ কোম্পানি এলাকা প্রদক্ষিণ করার সময় জাপার রাঙ্গা গ্রুপের নেতাকর্মীরা মিছিলে হামলা চালায়। এ নিয়ে দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া আর সংঘর্ষ শুরু হয়। এ সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
সংঘর্ষে প্রায় ৫০ জন আহত হন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ফাঁকা গুলি ও রাবার বুলেট নিক্ষেপ করে। এদিকে পুরো ঘটনার জন্য দু’ গ্রুপই পরস্পরকে দায়ি করেছে বলে দলের বিশ্বস্থ সূত্রে জানা গেছে। নগর জুড়ে পুলিশ বিজিবি আর র্যাবের টহল জোরদার করা হয়েছে বলে জানায় পুলিশ।
এদিকে জাপা চেয়ারম্যান এরশাদের সেনপাড়াস্থ পৈত্রিক বাসভবন স্কাই ভিউতে এক জরুরি সংবাদ সম্মেলনে নব গঠিত কমিটির জেলা সদস্য সচিব মোস্তফাজির রহমান মোস্তফা অভিযোগ করেন, তাদের পূর্ব ঘোষিত বিক্ষোভ মিছিলে বিলুপ্ত কমিটির নেতা মশিয়ার রহমান রাঙ্গার নেতৃত্বে তার ভাড়াটিয়া বাহিনী হামলা চালিয়েছে । এরশাদের মুক্তির দাবিতে গড়ে ওঠা গণআন্দোলনকে স্তব্ধ করে দেয়া এবং ভিন্ন খাতে প্রবাহিত করতে এ হামলা চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি বলেন ‘রংপুর এরশাদের জন্মভুমি রংপুরে রওশন এরশাদের কোনো স্থান নেই । তিনি এরশাদের মুক্তির দাবিতে বুধবার ও বৃহস্পতিবার রংপুর জেলায় ৪৮ ঘণ্টা হরতাল আহ্বান করে তা সফল করার কথা জানান।’




