স্পোর্টস ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)
আগের ম্যাচে দারুণ এক হ্যাটট্রিক দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে গোলখরা কাটিয়েছিলেন, এবার লা লিগায় করলেন জোড়া গোল। ব্রাজিলের এই তারকার দুর্দান্ত নৈপুণ্যে ভিয়ারিয়ালকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। গত ম্যাচে সেল্টিকের বিপক্ষে দেখানো দুর্দান্ত ফর্ম ধরে রেখে ক্যাম্প নউতে শনিবার রাতে দুই অর্ধে দুই গোল করেন নেইমার। প্রথমার্ধে পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন তিনি। দ্বিতীয়ার্ধের শুরুতে ভিয়ারিয়াল সমতা ফেরানোর পর আবার গোল করে বার্সার জয় নিশ্চিত করেন ব্রাজিলের এই তারকা ফুটবলার।
চোটে থাকা মেসির অনুপস্থিতিতে নেইমারকেই নিতে হচ্ছে আক্রমণের মূল দায়িত্ব। তাকে ছাড়া অন্যদের ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর নীতি বহাল রেখেছেন কোচ জেরার্দো মার্তিনো। চাভি হার্নান্দেসের জায়গায় খেলতে নামা অ্যালেক্স সংয়ের জোরালো শট গোলবারে বাধা না পেলে ম্যাচের শুরুতেই এগিয়ে যেত বার্সেলোনা।
ম্যাচের ২৯ মিনিটে পেনাল্টি থেকে অবশেষে এগিয়ে যায় স্বাগতিকরা। হ্যান্ডবল থেকে বার্সা পেনাল্টি পেলে মেসির অ
নুপস্থিতিতে কিক নিয়েছিলেন নেইমার।
বিরতির পরপরই কর্নার থেকে বল পেয়ে হেডে ভিয়ারিয়ালকে সমতায় ফেরান মুসাচিনো।
ম্যাচের ৬৬ মিনিটে অফসাইডের ফাঁদ এড়িয়ে আলেক্সিস সানচেসের দেয়া পাস থেকে জয়সূচক গোলটি করেন নেইমার।
৪৩ পয়েন্ট পাওয়া বার্সেলোনা এখন এক ম্যাচ কম খেলা আতলেতিকো মাদ্রিদের চেয়ে ৩ পয়েন্ট এগিয়ে আছে। আর শনিবার ওসাসুনার সঙ্গে ড্র করা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে লা লিগা চ্যাম্পিয়নরা এগিয়ে আছে ৫ পয়েন্টের ব্যবধানে।




