অবশেষে ১৫ বছর পর চট্টগ্রাম ওয়াসার এমডি পদ থেকে অপসারণ করা হয়েছে প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহকে। বুধবার (৩০ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের উপ সচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এমডিকে অপসারণের বিষয়টি জানানো হয়।
চট্টগ্রাম ওয়াসার নিয়মিত কাজ পরিচালনার সুবিধার্থে স্থানীয় সরকার চট্টগ্রাম বিভাগের পরিচালককে অতিরিক্ত দায়িত্ব হিসেবে এমডির দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ২৮ ক-এ প্রদত্ত ক্ষমতাবলে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ’র চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলপূর্বক পদ থেকে অপসারণ করা হলো।
২০১১ সালে ঢাকা ওয়াসার আদলে চট্টগ্রাম ওয়াসাতেও ব্যবস্থাপনা পরিচালকের পদ তৈরি করা হয়। ওয়াসা বোর্ডও পুনর্গঠন করা হয়। তখন এমডি পদে নিয়োগ পান তৎকালীন চেয়ারম্যান এ কে এম ফজলুল্লাহ। সেই থেকে এমডি পদে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। সর্বশেষ ২০২৩ সালে ৩ বছরের জন্য এমডি পদে নিয়োগ পান। এমডি পদে থাকার সুবাদে প্রকল্পে অনিয়ম, নিয়োগে স্বজনপ্রীতি সহ বিভিন্ন অপরাধে জড়ান তিনি।




