কোন রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না বিএনপি বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংবিধানে বলা হয়েছে যেকোন মানুষ যেকোন দলকে সমর্থন দিবে। কিন্তু সেটা স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে থাকতে হবে। বুধবার (২৮ আগস্ট) বেলা ১২টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নির্বাচনের যৌক্তিক সময় নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, যৌক্তিক সময় কত হবে সেটা নির্ভর করবে আলোচনার মাধ্যমে।আমরা কি চায়, জনগণ কি চায়, তারা কি চায় একটা আলোচনার দরকার। এজন্য বর্তমান সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর অতিদ্রুত আলোচনা প্রয়োজন।
সাংবাদিকদের উদ্দেশ্য মির্জা ফখরুল বলেন, মানুষ গণতান্ত্রিক সরকার চায়। নির্বাচন চায়। আপনারা দেখবেন নির্বাচন আসলে মানুষ কত খুশি হয়, যদি সেটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয় মানুষ সেটা গ্রহণ করে।
বিএনপি মহাসচিব বলেন, ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে। এই সরকারকে আমরা ততদিন সহযোগিতা করবো যতদিন মনে করবো তারা সঠিক পথে আছে। আমরা তো ভুলে যায়নি ওয়ান-ইলেভেনের সময় কারা চেষ্টা করেছিলো বিরাজনীতিকরণের জন্য। ওই সময় আমাদের দলকে বাতিল করার চেষ্টা করা হয়েছিলো। এটা গণতন্ত্রের জন্য আমাদের মনে রাখতে হবে।




