কক্সবাজারের পেকুয়ার শিলখালী ইউনিয়নের সেগুনবাগিচা এলাকায় পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ আগস্ট) ভোরে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- প্রবাসী সরওয়ার কামালের স্ত্রী মমতাজ বেগম (৪০), মেয়ে ময়না (১২) ও নাতনি মাহি (৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে প্রচুর বৃষ্টিপাত হলে পাহাড় ধসে বাডির উপরে পড়ে। তখন সবাই ঘুমন্ত অবস্থায় ছিল। দ্রুত সবাই ওই ঘরের বাসিন্দাদের উদ্ধার করার চেষ্টা করে। পরে সকাল ৮টার দিকে পেকুয়া ফায়ার সার্ভিসের লোকজন আসে। তবে এর আগে স্থানীয়রা নিহতদের উদ্ধার করে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, সকালে শিলখালীতে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যুর খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে আছে।
এ ব্যাপারে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, আমি এর আগেও প্রচুর বৃষ্টিপাত যখন হয়েছিল তখন পাহাড়ের পাশে বসবাসরত সবাইকে সতর্ক থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিলাম। কিন্তু দুইদিনের ভারী বৃষ্টিপাতে সতর্ক না থাকায় এ দুর্ঘটনা ঘটে।




