আওয়ামী লীগ সরকারের আমলে গুম ও নিখোঁজ ব্যক্তিদের ফিরে পাওয়ার দাবি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন মায়ের ডাক সংগঠনের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলিসহ প্রতিনিধিরা। নিখোঁজ ব্যক্তিদের সন্ধান করা এবং জড়িতদের বিচারের আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা।
মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সাংবাদিকদের এসব কথা জানান সানজিদা ইসলাম। মায়ের ডাকের আহ্বায়ক সানজিদা ইসলামসহ ৭ সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে।
তিনি বলেন, আমরা তিনটি দাবি নিয়ে উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছি। গুম, খুন ও হত্যা যারা করেছে, তাদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের মাধ্যমে নিখোঁজদের খুঁজে বের করতে হবে এবং জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। আয়নাঘরসহ প্রতিটি টর্চার সেল থেকে বন্দিদের মুক্ত করে দিতে হবে।
সানজিদা বলেন, ‘প্রধান উপদেষ্টা আমাদের সব কথা শুনেছেন এবং তিনি বলেছেন আশা রাখতে। তিনি এ ব্যাপারে পদক্ষেপ নিচ্ছেন।’ এর আগে সকালে সরকারি বাসভবন যমুনার সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা। দুপুর সাড়ে ১২টার দিকে তারা রাস্তা অবরোধ করে বসে পড়েন। ‘আয়না ঘর– আয়না ঘর, খুলে দাও খুলে দাও’, ‘মুক্তি চাই মুক্তি চাই, গুম-স্বজনদের মুক্তি চাই’ বলে স্লোগান দেন তারা।




