অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহিদুর রহমানকে র্যাবের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া উপ-পুলিশ মহাপরিদর্শক মো. মাইনুল হাসানকে ডিএমপির কমিশনার করা হয়েছে।বুধবার (০৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে মঙ্গলবার (৬ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ডিএমপি কমিশনার মাইনুল হাসানের নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
এদিন রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ভাস্কর দেবনাথ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. ময়নুল ইসলামকে পুলিশের নতুন মহাপরিদর্শক নিয়োগ করা হয়েছে।
শহিদুর রহমান পুলিশ অধিদপ্তরে দায়িত্ব পালন করছিলেন। তিনি এখন র্যাবের মহাপরিচালক হিসেবে মো. হারুন-অর-রশিদের স্থলাভিষিক্ত হলেন। পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) হারুন-অর-রশিদকে পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে।
অন্যদিকে মাইনুল হাসান পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) দায়িত্ব পালন করছিলেন। তিনি ঢাকা মহানগর পুলিশের কমিশনার হিসেবে হাবিবুর রহমানের স্থলাভিষিক্ত হলেন। পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক হাবিবুর রহমানকে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে অব্যাহতি দেওয়া হয়। মঙ্গলবার রাতে তাকে অব্যাহতি দেওয়া হয়। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তাতে বলা হয়, চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৭ অনুযায়ী পুলিশ মহাপরিদর্শক পদে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হলো।




