ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত দলটির সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার মৃত্যুর পরোয়ানা জারি হওযায় সোমবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার সন্ধ্যায় দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে এ ঘোষণা দেন।
বিবৃতিতে বলা হয়, সরকার জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে হত্যার উদ্দেশ্যে তথাকথিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মিথ্যা মামলা দায়ের করে। সরকারের দলীয় লোকদের দিয়ে গঠিত তদন্ত কমিশন, প্রসিকিউশন সেল পরিকল্পিতভাবে মিথ্যা কল্পকাহিনী রচনা করে ট্রাইবুনালে মিথ্যা সাক্ষী হাজির করে। আর এসব কাল্পনিক ও মিথ্যা সাক্ষ্য বিবেচনায় নিয়ে ট্রাইবুনাল আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। তারপর সরকার কাদের মোল্লাকে হত্যার উদ্দেশ্যে রায়ের ১৩ দিন পর আইন সংশোধন করে আপিল করে। আপিল বিভাগও মিথ্যা সাক্ষ্য বিবেচনায় নিয়ে কাদের মোল্লাকে মৃত্যুদণ্ড দেন। এই রায় নজিরবিহীন।
এই বিচার প্রক্রিয়া সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বর্ণনা করে বিবৃতিতে বলা হয়, ইতিমধ্যেই কাদের মোল্লার বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করা হয়েছে। সরকারের আইন প্রতিমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের ঘোষণার মাধ্যমে প্রতীয়মান হয়, সরকার আব্দুল কাদের মোল্লাকে পরিকল্পিতভাবে হত্যার দিকে এগিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসির দণ্ডাদেশ দিয়ে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের ঘোষিত ৭৯০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। রোববার এ রায়ের কপি ট্রাইব্যুনালে হস্তান্তর করা হলে ট্রাইব্যুনাল মৃত্যু পরোয়ানা জারি করেন। এ পরোয়ানা এর মধ্যেই কেন্দ্রীয় কারাগারেও পাঠানো হয়েছে।




