ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
আগামী বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে সরকার বিরোধদলীয় জোটের দাবি না মানলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। বুধবার সকালে অজ্ঞাত স্থান থেকে পাঠানো এক ভিডিও বার্তায় এই হুঁশিয়ারি দেন দলটির মুখপাত্র ও যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ।
অজ্ঞাত স্থান থেকে গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো ওই বার্তায় সালাহউদ্দিন বলেন, প্রধানমন্ত্রীকে বলছি, এখনো সময় আছে। এক তরফা নির্বাচনের তফসিল স্থগিত করুন। দেশ ও জাতির স্বার্থে অন্তর্ঘাতের পথ পরিহার করুন। তিনি আরো বলেন, বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে আমাদের দাবি মেনে নেওয়ার ঘোষণা না দিলে আরো কঠোর কর্মসূচি দিতে আমরা বাধ্য হবো।
প্রসঙ্গত, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং বিরোধী নেতাদের গ্রেপ্তার ও জুলুম-নির্যাতনের প্রতিবাদে শনিবার ভোর ৬টায় শুরু হওয়া ১৮ দলের ১৩১ ঘণ্টার অবরোধ কর্মসূচি শেষ হবে বৃহস্পতিবার বিকেল ৫টায়।




