মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েরামপুরা বনশ্রী খাল পাড়ের একটি অংশে বর্জ্য পড়েছিল ঈদের তিন দিন পরও

রামপুরা বনশ্রী খাল পাড়ের একটি অংশে বর্জ্য পড়েছিল ঈদের তিন দিন পরও

কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে ঢাকার দুই সিটি করপোরেশনের হাঁকডাকের মধ্যে রামপুরা বনশ্রী খাল পাড়ের একটি অংশে বর্জ্য পড়েছিল ঈদের তিন দিন পরও। বুধবার বেলা ১২টা পর্যন্ত ঢাকা উত্তর বা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের কেউ সেই বর্জ্য অপসারণ করেননি। খাল পাড়ের ওই অংশ কোন সিটি করপোরেশনের সীমানায় পড়েছে তা সুস্পষ্ট না হওয়ায় কেউ আসেনি বর্জ্য সরাতে। পরে বুধবার বেলা ১২টা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বর্জ্যের স্তুপ সরানোর কাজ শুরু করে।

বনশ্রী খাল পাড়ের ওই অংশ দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের সীমানায় অবস্থিত। সেজন্য সেখান থেকে কোনো সিটি করপোরেশন বর্জ্য অপসারণ করেনি।

ঢাকা দক্ষিণ সিটির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের বলেন, বিষয়টি নজরে আসার পর করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বর্জ্য ব্যবস্থাপনা বিভাগকে তা অপসারণের নির্দেশ দেন। কর্মকর্তাদের নির্দেশ দিয়ে তিনি (মিজানুর) বলেছেন, এলাকা কোন সিটি করপোরেশনের আওতাধীন তা নিয়ে দড়ি টানাটানি না করে ঢাকাবাসীকে স্বস্তি দিতে বনশ্রী খাল পাড়ের সেই বর্জ্য অপসারণ করুন।

প্রধান নির্বাহী কর্মকর্তার নির্দেশ অনুসারে বেলা ১২টা থেকে দক্ষিণ সিটির পরিচ্ছন্নতা কর্মীরা ১০টি ডাম্প ট্রাক, একটি হুইল স্ক্যাভেটর ও একটি বেক-হো লোডার দিয়ে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করে।

জনসংযোগ কর্মকর্তা আবু নাছের বলেন, বুধবারও ঢাকা দক্ষিণ সিটির ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৫৫টিতে কোরবানির পশু জবাই হয়েছে। এরইমধ্যে সেগুলো থেকে শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে।

এর আগে সোমবার কেরবানির প্রথম দিন রাত ১২টা পর্যন্ত ২ হাজার ৫০৮টি ট্রিপের মাধ্যমে ১১ হাজার ৬৮৫ টন; মঙ্গলবার দ্বিতীয় দিনে রাত ১২টা পর্যন্ত ১ হাজার ৯৭৪টি ট্রিপের মাধ্যমে ৯ হাজার ৩৯ টন এবং বুধবার বিকাল ৬টা পর্যন্ত ৮৩৭টি ট্রিপের মাধ্যমে ৩ হাজার ২৩৪ টন বর্জ্য অপসারণ করা হয়। বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে সব পশুর হাটের শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। সবশেষ মেরাদিয়া হাটের বর্জ্য অপসারণ করা হয় দাবি জনসংযোগ কর্মকর্তার।

অপরদিকে উত্তর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বুধবার বিকাল ৫টা পর্যন্ত ৪১৭৭ ট্রিপের মাধ্যমে মোট ২০,১০৫ টন বর্জ্য অপসারণ করা হয়েছে। এর মধ্যে মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত ৯২৭ ট্রিপে ৪,০০৯ টন এবং ঈদের দিন সোমবার দুপুর ২টা থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করে রাত ৮টার মধ্যে সব ওয়ার্ড থেকে প্রায় ১০,৩৭৪ টন বর্জ্য অপসারণ করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ