ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
আন্দোলনের নামে মানুষ খুনের অভিযোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর হুমকি দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার চলছে, বর্তমানে যেসব খুন হচ্ছে-তার দায় নিয়ে খালেদা জিয়াকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তারও বিচার হবে। বুধবার বিকালে গণভবনে আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির জরুরি বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।
যারা মানুষ খনু করছে, রেলের ফিসপ্লেট খুলছে, তাদের হাতে নাতে ধরিয়ে দিতে এবং তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, অবরোধ দিয়ে খালেদা জিয়া নিজেই অবরুদ্ধ হয়ে বলেন আন্দোলন সফল হয়েছে। পেট্রোল ঢেলে মানুষ মারছেন। সেই মানুষগুলো যন্ত্রণায় কাতরাচ্ছেন আর তিনি তা দেখে উৎফুল্ল হচ্ছেন।
প্রধানমন্ত্রী বলেন, রাজনীতির প্রতি মানুষের আস্থা কমানোর জন্যই তারা মনে হয় এ কাজগুলো করছে। তাদের রাজনীতি ও আন্দোলনে কর্মসূচি ওসামা বিন লাদেনের মতো ভিডিও টেপ ঘোষণা করছে। এরা রাজনীতিবিদ নামে কলঙ্ক। এরা খুনি। খালেদা জিয়া রাজনীতির নামে মানুষ হত্যায় নেমেছে।
বিএনপি-জামায়াত জোট একসাথে সারা দেশের মানুষের বিরুদ্ধে যেন যুদ্ধ ঘোষণা করেছে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, তারা আন্দোলনের নামে কর্মসূচি দেয়, কিন্তু আন্দোলন নেই। সাধারণ মানুষকে হত্যা করে তারা কি রাজনীতি করছেন? বিএনপি জামায়াত দুষ্ট চক্রের হাত থেকে মানুষ কবে মুক্তি পাবে? এমন প্রশ্ন রেখে তিনি বলেন, যারা সহিংসতা করছে দেশবাসীকে বলবো এদের ধরিয়ে দিন। সাংবাদিকদের বলবো কোনটা পুড়ছে সেটা না দেখে কে পোড়াচ্ছে তার ছবি প্রকাশ করুন।
কার্যনির্বাহী সংসদের বৈঠকে সাজেদা চৌধুরী, সৈয়দ আশরাফুল ইসলাম, মতিয়া চৌধুরী, লতিফ সিদ্দিকী, শওকত আলী, ওবায়দুল কাদের, শেখ ফজলুল করিম সেলিম, সাহারা খাতুন, নূহ-উল আলম লেনিন, মাহবুব-উল আলম হানিফ, দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, ফারুক খান, আহমদ হোসেন, আফম বাহাউদ্দিন নাছিম, মৃণাল কান্তি দাস, অসীম কুমার উকিল, আমিনুল ইসলাম আমিন, সুজিত রায় নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন।




