ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
বুধবার সন্ধ্যায় বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিংয়ের বৈঠকের পর বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ভারতের এই মনোভাবের কথা জানান। তিনি বলেন, বিরোধী দলীয় নেতার সঙ্গে বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। ভারতের পররাষ্ট্র সচিব বলেছেন, তারা বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত দেখতে চায়। এব্যাপারে তারা সব ধরণের বাংলাদেশকে সহযোগিতা করবে। গুলশানে বিরোধী দলীয় নেতার বাসভবনে বিকাল ৫টা থেকে ঘন্টাব্যাপী এই বৈঠক হয়। বৈঠকে সুজাতা সিংয়ের সঙ্গে ৭ সদস্যের প্রতিনিধিদল ছিলেন।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বাংলাদেশ-শ্রীলংকা-মালদ্বীপ-মিয়ানমার ডেস্ক) হর্ষ বর্ধন শিংলা, যুগ্ম সচিব (বাংলাদেশ-মিয়ানমার ডেস্ক) শ্রিপরিয়া রঙ্গনাথ, আন্ডার সেক্রেটারি অমিত শুকা, ঢাকায় ভারতীয় হাইকমিশনার পংকজ শরণ, ডেপুটি হাইকমিশার সন্দ্বীপ চক্রবর্তী ও পলিটিক্যাল সেকশনের প্রধান মনোজ মহাপত্র । বৈঠকের পর সুজাতা সিং সাংবাদিকদের মুখোমুখি হননি।
তিনি চলে যাওয়ার পর শমসের মবিন চৌধুরী বলেন, পররাষ্ট্র সচিব সুজাতা সিং বিরোধী দলীয় নেতাকে বলেছেন, ২০১২ সালে তার সরকারের আমন্ত্রণে ভারত সফরের মধ্য দিয়ে বিএনপির সঙ্গে ভারতে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। তিনি আশা করেন, আগামীতে বিএনপির সঙ্গে এই সর্ম্পক আরো শক্তিশালী হবে।
জবাবে বিরোধী দলীয় নেতা পররাষ্ট্র সচিবকে জানিয়েছেন, তিনি (বেগম খালেদা জিয়া) নিকট প্রতিবেশী দেশের সঙ্গে সুসর্ম্পক গড়ে তুলতে চায়। দুই দেশের মধ্যকার এই সম্পর্ক পারস্পরিক লাভের ভিত্তিতে এগিয়ে নেয়া প্রয়োজন। বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে এই অঞ্চলে আর্থ সামাজিক উন্নয়নে প্রভাব ফেলবে।
বিরোধী দলীয় নেতার এই মতামতের সঙ্গে একমত পোষন করে সুজাতা সিং বলেন, ভারত চায় বাংলাদেশের সঙ্গে বহুমাত্রিক সম্পর্ক আরো জোরদার হউক। আগামী জাতীয় সংসদের নির্বাচনের বিষয় নিয়ে আলোচনা হয়েছেন কিনা জানতে চাইলে শমসের মবিন বলেন, এ বিষয়টি নিয়ে কোনো আলোচনা হয়নি। বিরোধী দলীয় নেতা ভারতের নেতৃবন্দের কাছে তার শুভেচ্ছা পৌঁছে দেয়ার জন্য পররাষ্ট্র সচিবকে অনুরোধ জানান।
এক প্রশ্নের জবাবে শমসের মবিন চৌধুরী বলেন, ভারত বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা দেখতে চায়। তারা মনে করে বাংলাদেশের জনগন সুচিন্তিতভাবে এ বিষয়ে পদক্ষেপ ও সিদ্ধান্ত নেবে। বৈঠকে শমসের মবিন ছাড়া দলের চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ ছিলেন।




