ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
১৮ দলীয় জোটের অবরোধের চতুর্থ দিনে যাত্রাবাড়ী ও পান্থপথে ব্যাপক ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে অবরোধকারীরা।যাত্রাবাড়ীতে তিনটি গাড়িতে আগুনও দেয়া হয়। এ সময় ককটেলের স্প্রিন্টারের আঘাতে ৭ পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন পথচারী আহত হন। এ ঘটনায় ৩ পিকেটারকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৯ টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে শিবির কর্মীরা এখানে অবরোধ করে মিছিল করে। এ সময় ১৫-১৬টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এছাড়া ২টি লেগুনা ও একটি টেম্পোতে আগুন দেয়। পরে পুলিশ ধাওয়া দিলে বিক্ষোভকারীরা কয়েকটি ককটেল ছুড়ে ছত্রভঙ্গ হয়ে যায়।
পান্থপথ: রাজধানীর পান্থপথের কাঁঠাল বাগানের ঢালে শিবিরের ঝটিকা মিছিল থেকে ৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সোয়া ৯টার দিকের এ ঘটনায় মতিয়ার রহমান (২৩) নামে শিবিরের এক কর্মীকে আটক করেছে কলাবাগান থানা পুলিশ। সে ঢাকা কলেজের ছাত্র বলে জানা গেছে। এসময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




