চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)
অবৈধভাবে মালয়েশিয়া পাচারের জন্য জড়ো করা ২৩ জনকে চট্টগ্রামের পাঁচলাইশ থানা এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ৬ পাচারকারীকেও আটক করা হয়। শুক্রবার গভীর রাতে মহানগরীর খতিবেরহাটে নির্মাণাধীন একটি ভবনে অভিযান চালিয়ে তাদের উদ্ধার ও আটক করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাঁচলাইশ জোনের সহকারি কমিশনার আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘আমাদের কাছে খবর ছিল মালয়েশিয়া পাচারের জন্য দেশের বিভিন্ন স্থান থেকে বেশ কিছু লোককে এ ভবনে জড়ো করা হয়েছে। আজ শনিবার নগরীর পতেঙ্গা এলাকা দিয়ে তাদের ট্রলারে করে মালয়েশিয়ায় পাচার করা হতো।’
এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গভীর রাতে এ ঘটনায় জড়িত ৬ দালালকে আটক করা হয়। সেই সঙ্গে ২৩ ব্যক্তিকে উদ্ধার করা হয় বলে জানান তিনি। পুলিশ সূত্র জানায়, আটককৃত ৬ প্রতারক প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেদের আদম ব্যবসায়ী বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে।




