দেশে ৬৪৮ জন সংসদ সদস্য রয়েছেন বলে যে কথা উঠেছে, নীতি-নির্ধারকরা চাইলে সংবিধানের সেই বিষয়টি স্পষ্ট করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক। এ পর্যন্ত সবকিছু সংবিধানের আলোকেই হয়েছে বলে দাবি করেন তিনি।
বলা হচ্ছে সংসদে ৬৪৮ এমপি এখন। এটা নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে। মন্ত্রীরা যখন শপথ নেয় তখন আগের মন্ত্রিসভা বাতিল হয়ে যায়। কিন্তু সংসদ সদস্যরা শপথ নিলেও আগের সংসদ বাতিল হয় না। সেক্ষেত্রে আইনের অস্পষ্টতা আছে বলে আপনি মনে করেন কিনা। সেটি স্পষ্ট করার উদ্যোগ নেয়া হবে কিনা- জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ব্যাপারটা হচ্ছে সংবিধানে এখন যা আছে, সেভাবেই দেশ চলছে এবং এটা আজকে সংবিধানের সন্নিবেশিত করা হয়নি। এটা চতুর্দশ সংশোধনীতে সংযোজন করা হয়েছিল। এখন যে বিষয়টা নিয়ে আলাপ করা হচ্ছে, এটার বোধহয় খুব একটা গুরুত্ব নেই। তারপরও আমি বলব নীতি-নির্ধারকরা যদি মনে করেন এখানে কিছু আরও স্পষ্টিকরণের প্রয়োজন আছে, সেটা দেখা যাবে।
আপনি আইনমন্ত্রী হিসেবে স্পষ্ট করার প্রয়োজন মনে করেন কিনা- এমন প্রশ্নে তিনি বলেন, আমি তো বললাম- নীতি-নির্ধারকরা যদি মনে করেন স্পষ্টিকরণের প্রয়োজন আছে, তাহলে দেখা যাবে।




