চট্টগ্রামের রাউজানে নিখোঁজের ২৬ঘন্টা পর মোহাম্মদ হাসান চৌধুরী (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে রাউজান সদর ইউনিয়নের ০৮নং ওয়ার্ডের রাবার বাগানের একশিয়ার ব্লক মুক্তির আলো প্রজেক্টের পূর্ব পাশ থেকে পাহাড়ের চূড়ায় গহীন অরণ্যে রাবার গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
পরিবারের সদস্যসহ স্বজনেরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি। মঙ্গলবার সকাল ১১টার দিকে হৃদয় ওরফে রাজা নামে রাবার বাগানের এক শ্রমিক রাবারের কস সংগ্রহ করতে গিয়ে হাসানের ঝুলন্ত লাশ দেখে সুপারভাইজারকে খবর দেয়।
সুপারভাইজার পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এদিকে ঝুলন্ত লাশ পাওয়ার সংবাদে স্বজনেরা সেখানে গিয়ে ঝুলন্ত লাশটি হাসান চৌধুরীর বলে শনাক্ত করেন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছি। শরীরে কোথাও আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে আত্মহত্যা করেছে বলে মনে হচ্ছে। তারপরও ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেল মৃত্যুর কারণ জানা যাবে।




