বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনঋণখেলাপি নন মাহমুদুল ইসলাম চৌধুরী

ঋণখেলাপি নন মাহমুদুল ইসলাম চৌধুরী

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী ঋণখেলাপি নন বলে রায় দিয়েছে উচ্চ আদালত। গত রোববার বিচারপতি এম এ হায়দার ও কাজী জিনাত হকের বেঞ্চ এ রায় দেন। সোমবার এর সার্টিফিকেট কপি পান মাহমুদুল ইসলাম চৌধুরী। তার আইনজীবী ছিলেন প্রাক্তন এডিশনাল অ্যাটর্নি জেনারেল এম কে রহমান ও ব্যারিস্টার ছিদ্দিকুর রহমান। আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–১৬ (বাঁশখালী) আসনের জাতীয় পার্টির প্রার্থী মাহমুদুল ইসলাম চৌধুরী। রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাইকালে ঋণখেলাপির অভিযোগে গত ৪ ডিসেম্বর তার মনোনয়ন বাতিল করা হয়। বাছাইকালে রিটার্নিং কর্মকর্তা বলেন, বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্টে মাহমুদুল ইসলাম চৌধুরী তিন প্রতিষ্ঠানের বিপরীতে ব্যাংক থেকে ঋণ নিয়ে খেলাপি হয়েছেন।

এদিকে ৭ নভেম্বর বাংলাদেশের ব্যাংকের সিআইবি রিপোর্টের ওপর নিষেধাজ্ঞা চেয়ে হাই কোর্টে রিট করেন মাহমুদুল ইসলাম চৌধুরী। তিনি আজাদীকে বলেন, ব্যাংকের পাওনা রয়েছে জানিয়ে আমার মনোনয়ন বাতিল করে। যা ঠিক নয় বলে আমি হাই কোর্টে রিট করি। হাই কোর্ট বলেছে, উনি ব্যাংক ডিফল্টার নন। বিষয়টি সংশোধন করতে বলেছেন। উচ্চ আদালতের রায়ের কপি রিটার্নিং অফিসারের কাছে প্রেরণ করা হয়েছে। ব্যাংক ডিফল্টার না হওয়ায় মনোনয়নপত্র বৈধ হতে কোনো বাধা নেই বলে জানান তিনি।

আরও পড়ুন

সর্বশেষ