বিএনপি ও যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর চলমান অবরোধ কর্মসূচি টানা অব্যাহত থাকবে। তবে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে এই কর্মসূচিতে পরিবর্তন আসতে পারে বলে বিএনপির একাধিক সূত্র সময় সংবাদকে নিশ্চিত করেছে। বিএনপি ও সমমনা দলগুলোর চতুর্থ দফার ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শেষ হবে মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ৬টায়।
বিএনপি ও সমমনা দলগুলোর চতুর্থ দফার ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শেষ হবে মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ৬টায়। তবে এই কর্মসূচি শেষ হলে একদিন বিরতি দিয়ে আবারও টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির ঘোষণা আসতে পারে বলে সূত্রটি নিশ্চিত করেছে। বুধবার (১৫ নভেম্বর) সকাল ৬টা থেকে শুক্রবার (১৭ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত অবরোধ ঘোষণা আসতে পারে। তবে চলতি সপ্তাহে যদি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন, তাহলে লাগাতার হরতাল বা আন্দোলনে নামবে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলো।
চতুর্থ দফার অবরোধের শেষ দিনেও তেমন প্রভাব পড়েনি রাজধানীর জনজীবনে। সোমবার (১৩ নভেম্বর) সকালে অন্যান্য দিনের মতোই স্বাভাবিক কর্মচাঞ্চল্য দেখা গেছে। আগের দফা অবরোধের তুলনায় এদিন যান চলাচলও বেড়েছে। তবে স্বাভাবিক দিনের তুলনায় কিছুটা কম।




