আদালত প্রতিনিধিঃ (বিডি সময় ২৪ ডটকম)
বিএনপির স্থায়ী কমিটির তিন সদস্যসহ পাঁচ নেতার রিমান্ড স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রবিবার এই আবেদন করা হয়। বিকালে রিট আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে। গত বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, এম কে আনোয়ার ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু ও বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে ৮ দিনের করে রিমান্ডে পাঠায় মহানগর ম্যাজিস্ট্রেট রেজাউল করিম।
ঐ দিন দু’দফা শুনানি শেষে রিমাণ্ডের আদেশ দেয়ার পর পরই জাতীয়তাবাদী আইনজীবীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করে। তারা সরকার ও আদালতের বিরুদ্ধে নানা স্লোগান দেয়। আইনজীবীরা তখন অভিযোগ করেন সিনিয়র রাজনৈতিক নেতাদের নির্যাচন করার জন্যই সরকার তাদেরকে রিমাণ্ডে নিল।
এর আগে গত ৯ নভেম্বর ওই দুই মামলায় প্রত্যেকের ১০ দিন করে মোট ২০ দিনের রিমান্ড আবেদন জানিয়ে আদালতে হাজির করা হলে বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এ সময় আসামি পক্ষও তাদের জামিনের জন্যও আবেদন করে।
গত শুক্রবার রাতে সোনারগাঁও হোটেলের সামনে থেকে স্থায়ী কমিটির তিন সদস্যকে এবং বিএনপির চেয়ারপারসনের গুলশানের বাসা থেকে বেরোনোর পর অন্য দুজনকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে তাদের মতিঝিল থানার ওই দুই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে রিমান্ড চাওয়া হয়।




