ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
মার্কিন পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসোয়াল বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। রাত ৮টায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে শনিবার বেলা সাড়ে ১২টার দিকে নিশা ঢাকায় পৌছান। মার্কিন পররাষ্ট্র দফতর শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বাংলাদেশে অবস্থানকালে তিনি বৈশ্বিক, আঞ্চলিক ও দ্বিপাক্ষিক বিষয় নিয়ে সরকার, বিরোধীদল ও শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।
মার্কিন পররাষ্ট্র দফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার নিশা দেশাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও দেখা করবেন। এছাড়া বাণিজ্যমন্ত্রী, শ্রমমন্ত্রী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে তার সাক্ষাতের কথা রয়েছে। ভারতীয় বংশোদ্ভূত নিশা দেশাই প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এলেন। গত ২১ অক্টোবর তিনি মার্কিন পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হন।




