ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
কোনো দলের প্রতি যুক্তরাষ্ট্রের পক্ষপাত নেই উল্লেখ করে নিশা দেশাই বলেছেন, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যাপারে তারা আশাবাদী। যুক্তরাষ্ট্র সুষ্ঠু একটি নির্বাচন দেখতে চায় বলেও মন্তব্য করেন দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক নতুন এই সহকারী পররাষ্ট্রমন্ত্রী। শনিবার সন্ধ্যার মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনার বাসায় বিভিন্ন পেশার ছয় জনের সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান।
বৈঠকে মানবাধিকার সংগঠন হিসাবে পরিচিত অধিকারের সেক্রেটারি আদিলুর রহমান খান শুভ্র ছাড়াও সাবেক পররাষ্ট্র সচিব ফারুক সোবহান, ফৌজিয়া করিম, সাংবাদিক মাহফুজুল্লাহ, সুশাসনের জন্য নাগরিকের বদিউল আলম মজুমদার ও ব্র্যাকের মঞ্জুর হাসান উপস্থিত ছিলেন। হেফাজতবিরোধী মতিঝিল অভিযান নিয়ে বিকৃত তথ্য প্রকাশের অভিযোগে গত ১০ অগাস্ট আদিলুর রহমান খান শুভ্রকে আটক করা হয়েছিল। গত ১১ অক্টোবর হাইকোর্ট থেকে ছয় মাসের জামিনে মুক্তি পান আদিল। বৈঠক শেষে নিশা দেশাইয়ের সঙ্গে নৈশভোজে অংশ নেন তারা।
পরে বদিউল আলম মজুমদার বৈঠক প্রসঙ্গে বলেন, বিশেষ কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি। তবে তিনি বলেছেন যুক্তরাষ্ট্র বাংলাদেশে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়। কোনো দলের প্রতি তাদের কোনো পক্ষপাত নেই। বদিউল আলম মজুমদার বলেন, আলোচনায় অংশ নিয়ে আমার কাছে মনে হয়নি যুক্তরাষ্ট্র বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে হস্তক্ষেপ করতে চায়।
তিন দিনের সফরে শনিবার বেলা সাড়ে ১২টায় জাপান থেকে বিমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন যুক্তরাষ্ট্রের সহকারী মন্ত্রী। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, নিশা তার সফরে বৈশ্বিক, আঞ্চলিক ও দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে সরকার, বিরোধী দল এবং শ্রমিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে।




