৪৩তম আসিয়ান সম্মেলন ও ১৮তম ইস্ট এশিয়া সামিটে যোগ দিতে জাকার্তার উদ্দেশে রওনা হয়েছেন রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন। সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪১ মিনিটে তাকে বহন করা ফ্লাইটটি রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করে। সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বঙ্গভবনের প্রেস উইং।
বিমানবন্দরে রাষ্ট্রপতিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কূটনৈতিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনী প্রধান, পররাষ্ট্র সচিব, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবসহ (সংযুক্ত) ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা বিদায় জানান।
রাষ্ট্রপতি জাকার্তা কনভেনশন সেন্টারে (জেসিসি) ৫-৭ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ৪৩তম আসিয়ান (দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলির সংস্থা) শীর্ষ সম্মেলনে এবং ১৮তম ইস্ট এশিয়া সামিটে যোগ দেবেন। এছাড়া, রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি, ভিয়েতনামের প্রধানমন্ত্রী, আইওরা (IORA) মহাসচিব এবং আরও কয়েকজন রাষ্ট্রীয় নেতার সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
সম্মেলনে যোগদান শেষে ৮ সেপ্টেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে জাকার্তা ত্যাগ করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
এর আগে গত বৃহস্পতিবার (৩১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পরাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমিন রাষ্ট্রপতির এ বিদেশ সফরের বিস্তারিত তথ্য তুলে ধরেন।




