যেকোনো মূল্যে মূল্যস্ফীতি কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, জোর করে মূল্যস্ফীতি কমানো যাবে না। কিন্তু পলিসিগতভাবে কী উদ্যোগ নিলে মূল্যস্ফীতি করবে সেটি করতে হবে। এর জবাবে পরিকল্পনামন্ত্রী অবহিত করেন যে, গত ৪ মাস ধরে এক কদম করে কমেছে। তারপরও নীতিগতভাবে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। একনেক সভায় এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠক শেষে ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী এসব কথা জানান।
এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব সত্যজিত কর্মকার, ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) মোসাম্মৎ নাসিমা বেগম, কৃষি, পানি পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য (সচিব) ফজলুল হক এবং তথ্য ও ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন।
এছাড়া সভায় ২৫টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১৪ হাজার ৭৭ কোটি ৮৬ লাখ টাকা।




