একদিনের ব্যবধানে আরো আট জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (১০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এবার মেহেরপুর, শেরপুর, জামালপুর, মুন্সীগঞ্জ, রংপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ ও চুয়াডাঙ্গায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব মো: শামীম হাসানকে মেহেরপুর, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক আব্দুল্লাহ আল খায়রুমকে শেরপুর, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের উপ-সচিব মো: ইমরান আহমেদকে জামালপুর, মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মো: আবু জাফর রিপনকে মুন্সীগঞ্জের ডিসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ মোবাশ্বের হাসানকে রংপুর, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব রেহেনা আকতারকে মানিকগঞ্জ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মো: মাহমুদুল হককে নারায়ণগঞ্জ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপ-সচিব ড. কিসিঞ্জার চাকমাকে চুয়াডাঙ্গার ডিসি নিয়োগ দেয়া হয়েছে।
আরেক আদেশে ওই আট জেলায় দায়িত্ব পালনকারী ডিসিদের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে বদলি করা হয়েছে। এর আগে দুই দফায় ২০ জেলায় নতুন ডিসি নিয়োগ দেয়া হয়। এর মধ্যে গত ৬ জুলাই ঢাকাসহ ১০ জেলার ডিসি রদবদল করা হয়। এর তিন দিনের ব্যবধানে আরো ১০ জেলার নতুন ডিসি নিয়োগ দেয় সরকার। এবার দেশের আরো আট জেলায় নতুন ডিসি নিয়োগ দেয়া হলো।




