তিন দিনের রাষ্ট্রীয় সফরে সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘ওয়ার্ল্ড ফর ওয়ার্ক সামিট: সোশ্যাল জাস্টিস ফর অল’ শীর্ষক সম্মেলনে যোগদান উপলক্ষে প্রধানমন্ত্রীর এ সফর। মঙ্গলবার (১৩ জুন) সকাল ১০টা ১ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০৭ ফ্লাইটে ঢাকা থেকে জেনেভার উদ্দেশে রওনা হন তিনি। স্থানীয় সময় বিকেল ৫টার দিকে জেনেভা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী।
জেনেভা সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশনার ফিলিপো গ্র্যান্ডি, প্রিন্স রহিম আগা খান, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ হাউংবো, বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রতিষ্ঠাতা এবং নির্বাহী চেয়ারম্যান প্রফেসর ক্লাউস সোয়াব, বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক এনগোজি ওকোনজো-ইওয়েলার সঙ্গে বৈঠক করবেন।
এছাড়া প্রধানমন্ত্রী সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট অ্যালেইন বারসেট, মাল্টার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বেলা, সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট মাতামেলা সাইরিল রামাফোসার সঙ্গে বৈঠক করবেন।
সফরের দ্বিতীয় দিন বুধবার (১৪ জুন) প্রধানমন্ত্রী ‘ওয়ার্ল্ড ফর ওয়ার্ক সামিট ২০২৩’র প্লেনারি সেশনে অংশগ্রহণ করবেন। সফরের তৃতীয় দিন সকালে প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনৈতিক ফোরাম আয়োজিত ‘নিউ ইকোনোমি অ্যান্ড সোসাইটি ইন স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। বিকেলে সুইজারল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটি আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন।
এ সফরে প্রধানমন্ত্রী সঙ্গে সফর সঙ্গী হিসেবে আছেন আইনমন্ত্রী আনিসুল হক, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, সংসদ সদস্য (নারায়ণগঞ্জ-৪) শামীম ওসমান, সংসদ সদস্য শাহজাহান খান, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি আরদাশির কবির, জাতীয় শ্রমিক লীগ সভাপতি নূর কুতুব আলম মান্নান।
গণমাধ্যমের বিশিষ্ট সাংবাদিক হিসেবে সফর সঙ্গী হিসেবে আছেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, দৈনিক জনকণ্ঠের সম্পাদক ওবায়দুল কবির মোল্লা, দৈনিক কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টেলিভিশনের সম্পাদক মোজাম্মেল বাবু, দৈনিক আমাদের নতুন সময়ের ভারপ্রাপ্ত সম্পাদক মাসুদা ভাট্টি, একাত্তর টেলিভিশনের হেড অব কারেন্ট অ্যাফেয়ার্স মিথিলা ফারজানা ।
শেখ হাসিনা শুক্রবার (১৬ জুন) বেলা ১১টায় (স্থানীয় সময়) ঢাকার উদ্দেশে জেনেভা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। আগামী ১৭ জুন তার ঢাকায় ফেরার কথা রয়েছে।




