পদ্মা সেতুতে বৃহস্পতিবার (২০ এপ্রিল) থেকে মোটরসাইকেল চলবে। তবে গতিসীমা হবে সর্বোচ্চ ৬০ কিলোমিটার। মঙ্গলবার (১৮ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অনুমোদন দিয়েছেন। পরে গণভবনে সাংবাদিকদের এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেতুমন্ত্রী বলেন, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে পদ্মা সেতুতে বাঁ দিকের সার্ভিস লেনে মোটরসাইকেল চলাচল করবে। ওবায়দুল কাদের আরও বলেন, কোনো বাইকার যদি নিয়মের ব্যত্যয় ঘটান; যেমন- ওভারস্পিড, লেন না মানা – এমন ক্ষেত্রে সরকার এ সিদ্ধান্ত বাতিল করার সিদ্ধান্ত নিতে পারে৷
গত বছরের ২৫ জুন উদ্বোধন করা হয় স্বপ্নের পদ্মা সেতু। পরদিন ২৬ জুন যান চলাচলের জন্য খুলে দেয়া হয় সেতুটি। তারপর মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটে। পরদিন এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ জুন, ২০২২ (সোমবার) সকাল ৬টা থেকে পুনরায় আদেশ না দেয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। গণবিজ্ঞপ্তি নিয়ে রিট করা হয়েছিল। পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আরোপ কেন বেআইনি হবে না, সে বিষয়ে রুল চাওয়া হয়েছিল রিটে। রুল হলে তা বিচারাধীন অবস্থায় এ বিষয়ে অনুসন্ধান ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রিটে নির্দেশনা চাওয়া হয়েছিল।
পরে গত ১৫ জানুয়ারি পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আরোপের বিরুদ্ধে করা রিট খারিজ করেন আদালত। ওইদিন বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটটি উত্থাপিত হয়নি বলে খারিজ করেন।




