বীর মুক্তিযোদ্ধা, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের এমপি মোছলেম উদ্দীন আহমদ আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। রোববার (০৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত হয়ে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই বীর মুক্তিযোদ্ধা।
আজ সোমবার (০৬ ফেব্রুয়ারি) বাদ আসর বোয়ালখালীর গোমদন্ডী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এবং মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নগরীর জমিয়তুল ফালাহ জামে মসজিদ মাঠে সর্বশেষ জানাজার নামাজ শেষে গরীবুল্লাহ শাহ মাজার সংলগ্ন কবরস্থানে মরদেহ তাঁকে দাফন করা হবে বলে জানা গেছে।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি এম এ সালাম ও সাধারণ সম্পাদক আতাউর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
মোছলেম উদ্দিন আহমদ ২০১৩ সাল থেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২০ সালের ১৩ জানুয়ারির উপ-নির্বাচনে তিনি চট্টগ্রাম-৮ আসনের এমপি নির্বাচিত হন।




