প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এখনই যাচ্ছেন না। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে তিনি ওয়াশিংটনে বিশ্বব্যাংকের বিকল্প পরিচালক হিসেবে যোগ দিতে পারেন বলে সরকারের দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে। আরও দুই মাস তিনি বাংলাদেশে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
একাধিক দায়িত্বশীল সূত্রগুলো বলছে, কিছু কিছু গুরুত্বপূর্ণ কাজ নিষ্পত্তি করার জন্যই তাকে আরও দুই মাস রাখা হচ্ছে। আর ডিসেম্বরের মাঝামাঝি সময়ে মন্ত্রিপরিষদ সচিবেরও মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। আর তখন সরকারের মুখ্য সচিব ও মন্ত্রিপরিষদ সচিবের পদায়ন একসাথে করবে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
উল্লেখ্য যে, ড. আহমদ কায়কাউসের চাকরির মেয়াদ আগামী ১ জানুয়ারি শেষ হয়ে যাবে। ইতিমধ্যে সরকার তাকে বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে। এই পদে তিনি তিন বছর দায়িত্ব পালন করবেন। এর আগে, এই পদে ছিলেন মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম। শফিউল আলমের চাকরির মেয়াদ গতকাল শেষ হয়েছে। তিনি ঢাকায় চলে আসবেন না বাকী দুই মাস ওয়াশিংটনে অবস্থান করবেন, সে সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে বিভিন্ন সূত্রগুলো বলছে যে, ড. কায়কাউস যাওয়া পর্যন্ত শফিউল আলম সেখানে থাকতে পারেন।




