নগরের আউটার স্টেডিয়ামে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির আয়াজনে সপ্তম আন্তর্জাতিক বাণিজ্য ও রপ্তানি মেলা উদ্বোধন করেছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সী।
বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানির সুযোগ হয়েছে এবং তা ধীরে ধীরে বাড়ছে। আমাদের একমাত্র পোশাকশিল্প ৮৩-৮৪ শতাংশ। আমরা চাইছি অন্যান্য অফিসিয়াল আইটেমগুলোর রপ্তানি বাড়াতে। প্রত্যেকটি পণ্যের রপ্তানি অন্তত বিলিয়ন ডলার ছাড়িয়ে যাক। তবে সুখের বিষয় যে, গত দুই বছরে আমাদের চার-পাঁচটা আইটেম বিলিয়ন ডলার স্পর্শ করেছে। আগামী কয়েক বছরের মধ্যে চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, লাইট, মেশিনারিজ, আইটি প্রোডাক্ট, আইসিটি সেক্টরের পণ্য, ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট আন্তর্জাতিক বাজারে বিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে।
তিনি আরও বলেন, বর্তমানে ১৫১টা দেশে আমাদের ওষুধ রপ্তানি হয়। আমাদের সিরামিক প্রোডাক্ট আন্তর্জাতিক বাজারে খুবই জনপ্রিয়। পশ্চিমা দেশগুলোর ফাইভস্টার হোটেলেও বাংলাদেশি সিরামিক পণ্য দেখতে পেয়েছি।
সামনের দিনগুলো সম্ভাবনার জানিয়ে মন্ত্রী বলেন, আমি একজন ব্যবসায়ী এবং রাজনীতিবিদ। আমার রাজনীতি করার বয়স ৫৫ বছর হয়ে গেলো। আমি এক সময় বিজিএমইএ’র প্রেসিডেন্ট ছিলাম। ব্যবসায়ী ও রাজনীতির মধ্যে আমি মিশে আছি। বিশ্বাস করি এবং প্রচলনও আছে- ‘বাণিজ্যে বসতি লক্ষী।’ আমাদের ভাগ্যটা আমাদের পরিবর্তন করতে হবে।
চট্টগ্রামের মানুষকে সওদাগর উল্লেখ করে টিপু মুনশি বলেন, চট্টগ্রামের মানুষদের বলা হয়, ব্যবসায়ী মানুষ। ব্যবসায়ী মানসিকতার মানুষ। আগেকার দিনের সওদাগর তারা। এখনও আমাদের দেশে যে রেভিনিউ আসে তার সিংহভাগ আসে চট্টগ্রাম দিয়ে।
এদিকে বাজারে ৫ লিটার তেলের দাম হাজার টাকার ওপরে, এরমধ্যে আবার প্রতি বোতলে তেল তিনশ গ্রাম করে কম থাকার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, বিষয়টি ভোক্তা অধিকার দেখবে। আমি বিষয়টি নিয়ে নির্দেশনা দেবো।

সোমবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম চেম্বারের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী, সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, দি পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান জসীম উদ্দীন চৌধুরী, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, মেলার আহ্বায়ক ও আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ইসি আবদুস সামাদ লাবু।
প্রায় ৮৫ হাজার বর্গফুট এলাকাজুড়ে মেলা অনুষ্ঠিত হচ্ছে। এতে ৬টি প্রিমিয়ার প্যাভিলিয়ন, শিশুদের জন্য থাকছে কিডস জোন। এবার মেলায় ২০০টি স্টল থাকছে।




