প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভারত সফরের শেষ দিনে ভারতের আজমিরের খাজা গরীবে নওয়াজ দরগাহ শরীফ জিয়ারতের উদ্দেশে বৃহস্পতিবার সকালে দিল্লি ত্যাগ করেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী দরগাহ শরীফে নফল নামাজ আদায় করবেন এবং দেশ ও জনগণ এবং সমস্ত মুসলিম ওম্মাহর শান্তি, অগ্রগতি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মোনাজাত করবেন।
বাংলাদেশ বিমানের একটি ভিভিআই ফ্লাইট প্রধানমন্ত্রীকে নিয়ে স্থানীয় সময় সকাল ৯টা ১২ মিনিটে জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে দিল্লির পালাম বিমানবন্দর ত্যাগ করেন। সকাল সাড়ে ১০ টার দিকে জয়পুর পৌঁছে ফ্লাইটটি। জয়পুর থেকে আজমির যাবেন প্রধানমন্ত্রী। সেখানে খাজা গরীবে নেওয়াজ দরগার শরীফ পরিদর্শন শেষে রাতে ঢাকায় ফিরবেন।
ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিশতীর মাজার খাজা গরীবে নেওয়াজ দরগাহ শরীফে ফাতেহা পাঠ এবং মোনাজাতের পর কিছু সময় অবস্থান করবেন। পরে শেখ হাসিনা আজমীর দরগাহ শরীফের বিভিন্ন অংশ পরিদর্শন করবেন। সূত্র: বাসস



