বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদজাতীয়পিকে হালদারসহ ৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে ইডি

পিকে হালদারসহ ৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে ইডি

হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে দেশ থেকে পালিয়ে ভারতে গ্রেপ্তার প্রশান্ত কুমার (পিকে) হালদারসহ ছয়জন এবং তার দুই সংস্থার বিরুদ্ধে ১০০ পাতার চার্জশিট দাখিল করেছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (‌ইডি)‌। অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (১২ জুলাই) ভারতের কলকাতার ব্যাঙ্কশাল কোর্টের বিশেষ সিবিআই আদালতে এই চার্জশিট জমা দেওয়া হয়।

ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী জানান, ভারতীয় দণ্ডবিধির ৩ প্রিভেনশন অফ মনিলন্ডারিং অ্যাক্টে প্রশান্ত কুমার হালদারসহ ৬ জন, পিকে হালদারের দুই সংস্থার বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে ইডি। ভারতে তাদের ব্যাংক অ্যাকাউন্ট, বাড়ি ও জমিসহ প্রায় পাঁচ কোটি রুপির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সরকারের অভিযোগের ভিত্তিতে গত ১৪ মে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণা জেলার অশোকনগর থেকে ৫ বাংলাদেশির সঙ্গে পিকে হালদারকে গ্রেপ্তার করে ইডি। ওই দিনই আদালতে তুলে তাদের তিন দিনের হেফাজতে নেয় ইডি।

পিকে হালদারকে গ্রেপ্তারের পর ইডি জানিয়েছিল, পশ্চিমবঙ্গ থেকে রেশন কার্ড, ভারতীয় ভোটার আইডি কার্ড, স্থায়ী অ্যাকাউন্ট নম্বর ও আধার কার্ডের মতো বিভিন্ন সরকারি পরিচয়পত্র সংগ্রহ করেছেন পিকে হালদার। তিনি জালিয়াতির মাধ্যমে এসব পরিচয়পত্র সংগ্রহ করে শিবশঙ্কর হালদার নামে নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে পরিচয় দিয়ে পশ্চিমবঙ্গে অবস্থান করছিলেন।

এরপর মোট দুই দফায় ১৩ দিনের হেফাজত শেষে আদালত অভিযুক্তদের দুই দফায় ১১ দিন ও ১৪ দিনের জেল হেফাজতে পাঠান। গত ২১ জুন সেই জেল হেফাজতের মেয়াদ শেষ হয়। পরে পিকে হালদারসহ ছয়জনকে আরও ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন কলকাতার আদালত। অভিযুক্তদের জেল হেফাজতেও জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত।

দফায় দফায় জেরা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ভারতে পিকে হালাদারের ৩০০ কোটি রুপির সম্পত্তি, ৮৮টি ব্যাংক অ্যাকাউন্টের হদিস পায় ইডি। জিজ্ঞাসাবাদে বাংলাদেশের অন্তত ৩ জন প্রভাবশালী ব্যবসায়ী এবং পশ্চিমবঙ্গের কয়েকজন ব্যক্তির নাম প্রকাশ করেছেন। এই ব্যক্তিরা ক্ষমতাসীন রাজনীতিবিদদের সঙ্গে ঘনিষ্ঠ।

ইডি সূত্রে জানা যায়, পশ্চিমবঙ্গের রাজনীতিবিদদের সঙ্গে পি কে হালদারের যোগসূত্রের বিষয়ে নজরদারি করা হচ্ছে। কারণ স্থানীয় যোগাযোগ ছাড়া তিনি সেখানে সম্পদ অর্জন করতে পারতেন না। আগামী ২০ জুলাই পিকে হালদার ও তার ৫ সহযোগীর আদালতে হাজির হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ