আজ বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত পিটার হাস বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছে তাঁর পরিচয়পত্র পেশ করেন। দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছর উদযাপনকালে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করতে পেরে রাষ্ট্রদূত হাস সম্মানিত বোধ করছেন। মানবাধিকার, পারস্পরিক বাণিজ্য, সুশাসন, শ্রম অধিকার ও জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমনের অঙ্গীকার বিষয়ে অংশীদারিত্বের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো গভীর করার প্রতীক্ষায় আছেন বলে জানান হাস।
তিনি বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সহযোগী। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক বহুবিস্তৃত ও গতিশীল। অর্থনৈতিক বিষয়াদি, উন্নয়ন, নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তন বিষয়ে আমাদের সহযোগিতা আমাদের শক্তিশালী অংশীদারিত্ব ও ভবিষ্যৎ সম্ভাবনার ব্যাপ্তিকে তুলে ধরে।
হাস আরো বলেন, সরকারী কাজের বাইরে আমাদের দু’দেশের বন্ধনের মধ্য দিয়েও যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ নিবিড়ভাবে সম্পৃক্ত। একসাথে আমরা ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে আরো উন্মুক্ত, আরো নিরাপদ ও আরো সমৃদ্ধ করে গড়ে তোলার পাশাপাশি উভয় দেশের জনগণের জন্যই বৃহত্তর সমৃদ্ধি অর্জন করেছি। এ বছর আমাদের দু’দেশের বন্ধুত্বের ৫০তম বার্ষিকী। আমার মেয়াদকালটি আমি আপনাদের সাথে কাজ করা এবং আগামী ৫০ বছর বা আরো দূর ভবিষ্যতে আমাদের সম্ভাব্য সম্পর্ককে আরো দৃঢ় করতে উন্মুখ।




