রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনবাজার তদারকিতে রোজার আগে মাঠে নামছে জেলা প্রশাসনের ছয় ম্যাজিস্ট্রেট

বাজার তদারকিতে রোজার আগে মাঠে নামছে জেলা প্রশাসনের ছয় ম্যাজিস্ট্রেট

দীর্ঘ তিন মাসেরও বেশি সময় ধরে অস্থির চাল, ডাল, চিনি, তেল, গুঁড়া দুধসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার। ব্যবসায়ীদের কারসাজিতে বাড়ানো দামে রীতিমত দিশাহার হয়ে পড়েছে সাধারণ মানুষ। আসন্ন রমজানের আগেই নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে আনতে এবার তৎপর হয়ে উঠেছে জেলা প্রশাসন। পণ্যের বাজার তদারকিতে কাল থেকেই মাঠে থাকছেন ছয় ম্যাজিস্ট্রেট। জানা গেছে, রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে ও অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে চায় প্রশাসন। সে লক্ষ্যে এতদিন গোয়েন্দা সংস্থা ও নিজস্ব সোর্স লাগিয়ে আমদানি ও পাইকারি মূল্যসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়েছে। পণ্যের বাজার নিয়ন্ত্রণে ইতোমধ্যে তৈরি করা হয়েছে অ্যাকশন প্ল্যান।

চট্টগ্রামের সবচেয়ে বড় পাইকারি পণ্যের বাজার খাতুনগঞ্জে চাল, ছোলা, ডাল, খেজুর, তেলসহ বিভিন্ন পণ্যের সরবরাহের ঘাটতি নেই। এখনও অনেক পণ্য আমদানির পথে রয়েছে। সব মিলিয়ে রোজায় চাহিদা মেটানোর জন্য পর্যাপ্ত পণ্য মজুদ আছে। তবুও কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়াচ্ছেন। চট্টগ্রাম বন্দরের তথ্যমতে, বন্দরের বহির্নোঙরে ভোগ্যপণ্য বোঝাই ছয়টি জাহাজ আছে। এর মধ্যে দুটিতে আছে চিনি তৈরির কাঁচামাল। ৫৪ হাজার ১৪ টন ও ৬০ হাজার ৮০০ টন চিনি তৈরির কাঁচামাল নিয়ে এই দুটি জাহাজ এসেছে ১৮ মার্চ। ৬৪ হাজার ৪৩০ টন চিনি তৈরির কাঁচামাল নিয়ে আরেকটি জাহাজ এসেছে ২৪ মার্চ। ৫৯ হাজার ৯২৫ টন মটরবোঝাই একটি জাহাজ আসে ২১ মার্চ। ৪৯ হাজার ৪৯৪ টন গমবোঝাই একটি জাহাজ এসেছে ১৮ মার্চ। ৩৩ হাজার টন গম নিয়ে আরেকটি জাহাজ এসেছে ২৩ মার্চ।

এছাড়া খেজুর এসেছে কনটেইনারে। খেজুরবোঝাই এমন কনটেইনার আছে দুটি জাহাজে। এর আগে জানুয়ারিতে ১৩ হাজার ২২৯ টন, ফেব্রুয়ারিতে ১৪ হাজার ৭৪৬ টন ও মার্চে ১৫ হাজার ৮৬০ টন খেজুর আসে। এ বছরের ২২ মার্চ পর্যন্ত বন্দর জেটিতে মোট ৪৬ হাজার ৩৯ টন চিনি ও ২১ হাজার ৩২ টন ছোলা খালাস হয়েছে। শিগগির আসবে আরও অন্তত এক ডজন জাহাজ। পাইপলাইনে থাকা এসব জাহাজ আসবে রমজান শুরুর আগেই।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বলেন, রমজান আসলে প্রতিবছর কিছু অসাধু ব্যবসায়ী কারসাজি করে পণ্যের দাম বাড়িয়ে দেন। বরাবরের মত এবারও আমরা বিভিন্ন অভিযোগ পেয়েছি। অথচ বাজারে পণ্যের সরবরাহ বেশ ভালোই রয়েছে। তাই পণ্যের বাজার নিয়ন্ত্রণ ও অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা মোতাবেক কাল (মঙ্গলবার) থেকে মাঠে নামছে ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।’ যে বা যারা অন্যায়ের সাথে জড়িত থাকুক, সবাইকে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন

সর্বশেষ