প্রথমবারের মতো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে যান। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানান। পরে ফুল দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান মোদি।
এরপর টুঙ্গিপাড়া থেকে নরেন্দ্র মোদি যাবেন গোপালগঞ্জের ওড়াকান্দিতে। তিনি ওড়াকান্দিতে মতুয়া সম্প্রদায়ের লোকজনের সঙ্গে মতবিনিময় করবেন। তিনি মতুয়া সম্প্রদায়ের প্রাণপুরুষ হরিচাঁদ ঠাকুরের মন্দিরে পূজা দেবেন।
এর আগে আজ সকাল ১০টার দিকে সাতক্ষীরায় পৌঁছান। এর পরপরই যশোরেশ্বরী কালীমন্দিরে যান তিনি। এসময় নানা আচার আনুষ্ঠানিকতায় তাকে বরণ করে নেন স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা। সেখানে মন্দিরে পুজো দেন তিনি। অংশ নেন প্রার্থনায়। এরপর নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তাকে বিদায় জানান হিন্দু ধর্মাবলম্বীরা। পরে তিনি রওনা হন গোপালগঞ্জের উদ্দেশে।




