কারারক্ষীদের পাহারায় রাজধানীর মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মাদক মামলার আসামি মিন্টু মিয়া (২৮) পালিয়ে গেছেন। এ ঘটনায় দায়িত্ব অবহেলার জন্য ৩ কারারক্ষীকে সাময়িকভাবে বরখাস্ত করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ২৯ আগস্ট ভোর সাড়ে ৪টার দিকে ওই আসামি পালিয়ে যান।
এ বিষয়ে মিটফোর্ড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মো. রাশীদ উন নবী জানান, হাসপাতালে দুই নম্বর ভবন মেডিসিন বিভাগের ছয়তলায় কারারক্ষীদের পাহারায় ওই আসামি চিকিৎসাধীন ছিলেন। তিনি শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত ছিলেন।
তিনি আরও জানান, পালিয়ে যাওয়ার দৃশ্য সিসি ক্যামেরায় দেখা যায়নি।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল কবীর চৌধুরী জানান, এ ঘটনার পরপরই দায়িত্ব অবহেলার জন্য দায়িত্বরত ৩ কারারক্ষীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আসামি টাঙ্গাইল গোপালপুর থানার মাদক মামলার আসামি ছিলো।এর আগেও ওই আসামি শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এরপর তিনি ফের অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে চলতি মাসের শুরুতে কাশিমপুর কারাগার-২ থেকে কয়েদি আবু বক্কর ছিদ্দিক পালিয়ে যায়। এ ঘটনার পরপরই কাশিমপুরে থাকা দায়িত্বরত কয়েকজন কারারক্ষী বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয় কারা-কর্তৃপক্ষ। এখন পর্যন্ত ওই কয়েদিকে খুঁজে পাওয়া যায়নি।




