বিডিআরসিএস পরিচালিত পূর্বাভাস ভিত্তিক আর্থিক (এফবিএফ) প্রকল্পের আওতায় পূর্বাভাস অনুযায়ী বন্যাকবলিত কুড়িগ্রাম, জামালপুর ও গাইবান্ধা জেলার ৩ হাজার ৮০০ পরিবারের মাঝে প্রত্যেক পরিবারকে সাড়ে ৪ হাজার টাকা করে মোট ১ কোটি ৭১ লাখ টাকা বিতরণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যা ইতোমধ্যে বাস্তবায়ন শুরু হয়েছে। এই অর্থ বাংলাদেশ ডাক বিভাগের সহযোগিতায়, অর্থাৎ মোবাইলের মাধ্যমে সরাসরি সুবিধাভোগীর কাছে পাঠানো হচ্ছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে এই অর্থ বিতরণ কার্যক্রম আগামী ৪ জুলাই পর্যন্ত চলবে বলে প্রকল্প সশ্লিষ্টরা জানিয়েছেন।
বন্যা মোকাবিলার আগাম প্রস্তুতি হিসেবে রেড ক্রিসেন্ট সোসাইটি দেশের ১১টি বন্যাপ্রবণ জেলায় পূর্বাভাসভিত্তিক আর্থিক নামে একটি প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য, দুর্যোগপ্রবণ অঞ্চলে দুর্যোগ আঘাত করার আগেই সবচেয়ে ঝুঁকিপূর্ণ লোকদের পূর্বাভাসের ভিত্তিতে সহায়তা দেয়া।
উল্লেখ্য, যমুনা নদী অববাহিকা এলাকায় অধিকতর বন্যাপ্রবণ জেলা- কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর ও মানিকগঞ্জে এ প্রকল্প তার কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সোসাইটির ডিআরএম বিভাগের পূর্বাভাস ভিত্তিক আর্থিক প্রকল্পের আওতায় এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে বলে জানা গেছে।

সোসাইটির ডিআরএম বিভাগ জানায়, পূর্বাভাস ভিত্তিক আর্থিক প্রকল্পের আওতায় অধিক ক্ষতিগ্রস্ত কুড়িগ্রাম জেলায় চিলমারি উপজেলায় চিলমারি, রমনা ইউনিয়নে ও উলিপুর উপজেলায় হাতিয়া ইউনিয়নে মোট ১৪০০ পরিবার, গাইবান্ধা জেলায় সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়ন, গাইবান্ধা সদর উপজেলার মোল্লারচর ও কামারজানি ইউনিয়ন এবং ফুলছরি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের মোট ১০০০ পরিবার এবং জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ী ইউনিয়ন, ইসলামপুর উপজেলার কুলকান্দি ও বেলগাছা ইউনিয়নের ১৪০০ পরিবারসহ মোট ৩৮০০ পরিবারের মাঝে বিনাশর্তে ১ কোটি ৭১ লাখ টাকা নগদ অর্থ সহায়তা বিতরণ করা হচ্ছে। উপকারভোগী নির্বাচনের ক্ষেত্রে প্রতিবন্ধী, বৃদ্ধ, বিধবা ও অন্যান্য বিপদাপন্ন জনগোষ্ঠীকে বিশেষ অগ্রাধিকার দেয়া হয়। ২ জুলাই সকালে গাইবান্ধা ও জামালপুর জেলার ৩টি ইউনিয়নে বসবাসরত ১ হাজার পরিবারের মাঝে সাড়ে ৪ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এর মধ্যে বন্যাকবলিত গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ও কাপাসিয়া ইউনিয়নের ৫০০ পরিবার ও জামালপুর জেলার চুকাইবাড়ী ইউনিয়নের পরিবার রয়েছে। গাইবান্ধার কামারজানি বিলিকা উচিয়া বিদ্যালয় মাঠে ও জামালপুরে এ কে এম মেমোরিয়াল কলেজ মাঠে স্ব স্ব জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের পক্ষ থেকে এই অর্থ বিতরণ করা হয়।




