মহামারী করোনা সংকটকালে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে চেয়ারম্যান রোকমিলা জামান বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন। ব্যাংকের ফেইসবুক পেইজের মাধ্যমে এ দিকনির্দেশনা দেন তিনি। পাঠকদের জন্য দিকনির্দেশনাটি হুবহু তুলে ধরা হল।
সুপ্রিয় কর্মকর্তা-কর্মচারীবৃন্দ,
আপনাদের সকলের সার্বিক কুশল ও সুস্বাস্থ্য কামনা করছি। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের ভয়াবহ প্রকোপে আজ আমরা সকলেই উদ্বিগ্ন, আতংকিত। জীবন ও জীবিকার মাঝে সমন্বয়ের এক প্রতিযোগিতায় লিপ্ত রয়েছি সকলেই। এ সংকটকালে সারা পৃথিবীর ন্যায় বাংলাদেশেও অর্থনৈতিক কর্মকান্ড ব্যাপকভাবে সংকুচিত হয়েছে। অর্থনীতির অন্যতম নিয়ামক হিসাবে ব্যাংকিং সেক্টরও এর বাইরে নয়। দেশের অন্যতম বৃহত্তম বেসরকারী বানিজ্যিক ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডও এ বিরূপ পরিস্থিতির মোকাবেলা করছে সকলের সম্মিলিত প্রচেষ্টায়। আমরা আশাবাদী যে যথাযথ কর্মকৌশল ও পদক্ষেপ গ্রহনের মাধ্যমে এ অবস্থা থেকে উত্তরণ লাভ ঘটবে।
ইউসিবি’র প্রতিষ্ঠাতা ও গণমানুষের প্রিয় মুখ মরহুম আখতারুজ্জামান চৌধুরী চেয়েছেন সেবা ও কর্মসংস্থানের সমন্বয়ে ইউসিবি মানুষের আস্থায় পরিণত হবে, বিশ্বাসে পরিণত হবে। ইউসিবি’র মাধ্যমে তিনি এমন প্রতিষ্ঠান গড়তে চেয়েছেন যেখানে সর্বোত্তম আর্থিক সেবা ও কর্মসংস্থান সৃষ্টির ফলে একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মান হবে মুখ্য লক্ষ্য। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একনিষ্ঠ অনুসারী ও সেনানী হিসাবে এটাই ছিল মরহুম আখতারুজ্জামান চৌধুরীর প্রত্যয়। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আখতারুজ্জামান চৌধুরীর স্বপ্নের ধারাবাহিকতায় আমাদেরও মুল লক্ষ্য আন্তরিক গ্রাহক সেবা এবং কর্মসংস্থান নিশ্চিত করা।
সম্প্রতি, অর্থনৈতিক সংকট মোকাবেলায় ব্যাংকিং সেক্টরে বেতন-ভাতাদি সংকোচন, পেশাগত সুবিধা কমানো বা চাকুরিচ্যুতির মত পদক্ষেপের কথা শোনা যাচ্ছে। আমরা মনে করি, এই সংকটকালে বিভিন্ন পেশাজীবীদের মত ব্যাংকারবৃন্দও সর্বোচ্চ ঝুঁকি নিয়ে তাদের পেশাগত দায়িত্ব পালন করে চলেছেন। এছাড়াও, অর্থনীতি সচলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সকল প্রনোদনা প্যাকেজ গঠন করেছেন, তার বাস্তবায়নেও অগ্রণী ভূমিকা পালন করছেন ব্যাংকারবৃন্দ।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড পরিবারের সদস্য হিসাবে আমরা, পরিচালনা পর্ষদ, আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, একটি কর্মীবান্ধব ব্যাংক হিসাবে ইউসিবি তার সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের বর্তমান আর্থিক প্রাপ্য ও সুবিধাদি ন্যায্যতার সহিত সুরক্ষিত রাখবে। আপনারা কোন ধরনের গুজব বা নেতিবাচক প্রচারণায় প্রভাবিত হবেন না। এটি স্বীকার করতেই হবে যে, করোনা প্রভাবে আমাদের ব্যবসায়িক অগ্রগতি ভীষনভাবে ব্যাহত হচ্ছে। সার্বিক ব্যবসায়িক ও অর্থনৈতিক বিচারে এক প্রকার মন্দাভাব সৃষ্টি হয়েছে। এটি মোকাবেলায় আমাদেরও বিভিন্ন কার্যকর কর্মকৌশল নিয়ে ভাবতে হচ্ছে। তবে তা কোনভাবেই ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দের বেতন কমিয়ে নয়। আমরা দ্ব্যর্থহীন কন্ঠে আপনাদের বলতে চাই ইউসিবি’র সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দের কোন রকম বেতন কমানো হবে না। বরং আমরা আমাদের কর্মপরিকল্পনায় কিভাবে ব্যাংকের অন্যান্য পরিচালন ক্ষেত্রে যথাসম্ভব কৃচ্ছ অবলম্বন এবং নতুন উদ্ভাবনী পণ্য ও সেবার মাধ্যমে ব্যবসার সম্প্রসারণ ঘটানো, সে বিষয়ে কার্যকর ভূমিকা গ্রহন করব। আমি বিশ্বাস করি, এভাবেই এই সংকট থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কৃপায় আমরা মুক্তি লাভ করব।
এ সংকটকালে বাংলাদেশ সরকারের গৃহীত সকল পদক্ষেপসমূহ বিশেষ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর যথাযথ নির্দেশনা ও নিরলস কর্মদ্যোগের ফলে নিশ্চিতভাবে আমরা এ সংকটকে জয় করতে পারব। অর্থনীতি সচলে সরকারের গঠিত সকল প্রনোদনা প্যাকেজের বাস্তবায়নসহ বাংলাদেশ সরকারের উন্নয়ন অভিযাত্রার গর্বিত অংশীদার হিসাবে সরকারের গৃহীত যেকোন পদক্ষেপের সাথে রয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড।
ইউসিবি পরিচালনা পর্ষদ প্রত্যাশা করে ইউসিবি পরিবারের সকল সদস্য নিরুদ্বেগ চিত্তে ব্যাংকের সার্বিক লক্ষ্য অর্জনে এই বিরূপ পরিস্থিতিতেও নিরলসভাবে কাজ করে যাবে। সম্মানিত গ্রাহকের সেবা ও অর্থনৈতিক গতিশীলতা অব্যাহত রাখতে সাধারণ ছুটির সময়ে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন, সেবা দিয়ে গিয়েছেন ইউসিবি’র কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনেকে দায়িত্বপালন করতে গিয়ে করোনাতে আক্রান্ত পর্যন্ত হয়েছেন। আপনাদের এ অবদান নিঃসন্দেহে প্রশংসার দাবীদার। আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ। ইউসিবি পরিচালনা পর্ষদ সবসময় আপনাদের সাথে রয়েছে, পাশে রয়েছে। আমরা প্রত্যাশা করব এই সংকটকালীন সময়ে আপনারা ব্যাংকের জন্য প্রকারান্তরে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের জন্য আপনাদের সেরা কর্মদক্ষতার স্বাক্ষর রাখবেন। আপনাদের সকলের অবদান ও প্রয়াসে ইউসিবি সকল প্রতিকূলতা অতিক্রম করে দেশের শীর্ষস্থানীয় ব্যাংকের মর্যাদা অক্ষুন্ন রাখবে।এ সংকট মোকাবেলায় আমরা অবিচল; এক সাথে, এক পথে ।
ধন্যবাদ।
পরিচালনা পর্ষদের পক্ষ থেকে,
রোকমিলা জামান



