বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কোভিড১৯ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে দেশের বিভিন্ন স্থানে অসহায় মানুষদের খাদ্য সহায়তা প্রদানসহ সারাদেশে সচেতনতা বৃদ্ধিমূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি স্থানীয় প্রশাসনকে সহযোগিতা অব্যাহত রেখেছে। রেড ক্রিসেন্ট সোসাইটি জানায়, সরকারি ত্রাণ কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করছে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকগণ। এছাড়াও জেলা পর্যায়ে দায়িত্বরত প্রশাসনের কর্মকর্তাদের জন্য স্বাস্থ্য সুরক্ষা উপকরণ সরবরাহ ও করোনা আক্রান্ত রোগী এক স্থান থেকে অন্য স্থানে পরিবহনের জন্য অ্যাম্বুলেন্স সার্ভিস সহায়তাসহ নানা কার্যক্রম চলমান রয়েছে ।
কক্্রবাজার জেলায় রেড ক্রিসেন্ট পরিচালিত পপুলেশন মুভমেন্ট অপারেশন প্রোগ্রামের কমিউনিকেশন অফিসার জানান, গত ২১ এপ্রিল মঙ্গলবার কক্্রবাজার জেলা সিভিল সার্জন কার্যালয়ে চাহিদার প্রেক্ষিতে ৩ মাসের জন্য রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে করোনা আক্রান্ত রোগী পরিবহনের জন্য একটি অ্যাম্বুলেন্স বরাদ্দ দেওয়া হয়েছে। অ্যাম্বুলেন্সটি জেলার সম্ভাব্য কোভিড ১৯ এ আক্রান্তদের নমুনা সংগ্রহের কাজে ব্যবহার করা হবে। অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্্রবাজারের সিভিল সার্জন মাহবুবুর রহমান, ইসিভি কো-অর্ডিনেটর মফিজুর রহমানসহ সোসাইটির পপুলেশন মুভমেন্ট অপারেশনের কর্মকর্তাবৃন্দ।
একই দিন, কোভিড ১৯ মোকাবিলায় স্বাস্থ্য সুরক্ষার অংশ হিসেবে কক্্রবাজার জেলা প্রশাসনকে ৪০০ পিচ সাবান, ২০০০ পিচ মাস্ক, ২০০ পিচ পিপিই, ৪০০ বোতল (১০ এম এল) হ্যান্ড স্যানিটাইজার ও ৪০ পিচ অ্যান্টি-ব্যাকটেরিয়াল হ্যান্ড স্যানিটাইজার রেড ক্রিসেন্ট এর পক্ষ থেকে জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে, আজ বুধবার বিকেলে সোসাইটির বোর্ড রুমে করোনা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গৃহিত বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের হালানাগাদ অগ্রগতি পর্যালোচনা ও পরবর্তী কর্মপন্থা অনুযায়ী কার্যক্রম বাস্তবায়ন সম্পর্কিত এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান ও আইএফআরসির গভার্নিং বোর্ডের সদস্য প্রফেসর ডা: মো: হাবিবে মিল্লাত, এমপি। এসময় সোসাইটির মহাসচিব মো: ফিরোজ সালাহ্ উদ্দিন, উপ মহাসচিব মো: রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। সোসাইটির ম্যানেজিং বোর্ডের সদস্য রাজিয়া সুলতানা লুনা ও সোসাইটির অন্যান্য কর্মকর্তাগণ অনলাইনে সমন্বয় সভায় সংযুক্ত হন। এর আগে সকালে কোভিড১৯ সংক্রান্ত হালনাগাদ তথ্য বিনিময় ও পরবর্তী করণীয় নির্ধারণে রেড ক্রস রেড ক্রিসেন্ট মুভমেন্টের আন্ত:দেশীয় পার্টনারদের এক স্কাইপ মিটিং অনুষ্ঠিত হয়। মিটিং এ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষে মহাসচিব মো: ফিরোজ সালাহ্ উদ্দিন বক্তব্যে উপস্থাপন করেন।
অপরদিকে, কোভিড ১৯ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে রেড ক্রিসেন্ট সোসাইটি গৃহিত ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে গত ২১ এপ্রিল স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়, স্বাস্থ্য অধিদপ্তরে জীবাণুনাশক স্প্রে কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকরা।




