ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যানটিনের সামনে থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। এ সময় মধুর ক্যানটিনের ভেতরে ছাত্রলীগ ও ছাত্রদলের অনেক নেতাকর্মী ছিলেন বলে জানা গেছে৷ আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা এগারোটার পর আইবিএর সামনে একটি ককটেল পড়ে থাকতে দেখা গেছে। তবে বিস্ফোরণের কোনো ঘটনা ঘটেনি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ককটেল পড়ে আছে এ রকম একটি খবর পেয়ে সরেজমিনে দেখে এসেছি। ডাকসু ভবনের কর্মচারীদের সঙ্গে কথা বলেছি। ককটেল বিস্ফোরণ হওয়ার কোনো ঘটনা ঘটেনি। ঘটনাস্থলে মোবাইল টিম পাঠানো হয়েছে৷ পুলিশকেও বিষয়টি জানিয়েছি৷ তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। একটি ঘটনা ঘটেছে, তদন্ত কমিটি কাজ করছে, সবাইকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে।



