শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদজাতীয়ঢাকার দুই সিটিতে ভোট ৩০ জানুয়ারি

ঢাকার দুই সিটিতে ভোট ৩০ জানুয়ারি

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে আগামী ৩০ জানুয়ারি ভোটগ্রহণের দিন রেখে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আর দুই সিটির বর্তমান মেয়ররা এই নির্বাচনে অংশ নিতে চাইলে তাদের নিজ নিজ পদ থেকে পদত্যাগ করতে হবে। রোববার বিকালে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা এ তফসিল ঘোষণা করা হয়। এ নির্বাচনে বিদ্যমান ভোটার তালিকাই ব্যবহার করা হবে। দুই সিটিতেই সবগুলো কেন্দ্রে ভোট নেওয়া হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে।

সিইসির ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ তারিখ আগামী ৩১ ডিসেম্বর। নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে ২ জানুয়ারি পর্যন্ত। প্রার্থীরা ৯ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। ভোটগ্রহণ হবে ৩০ জানুয়ারি। ওইদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ সময় চার নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম ও বিগ্রোডিয়ার জেনারেল (অব.) শাহাদত হোসেন চৌধুরী এবং ইসি সচিব মো. আলমগীর উপস্থিত ছিলেন।

এর আগে চলতি বছরের গত ২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সম্প্রসারিত ৩৭ থেকে ৫৪ নম্বর সাধারণ ওয়ার্ড ও ১৩ থেকে ১৮ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে এবং ঢাকা দক্ষিণ সিটির ৫৮ থেকে ৭৫ নম্বর সাধারণ ও ২০ থেকে ২৫ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে নির্বাচন হয়। একইদিন ঢাকা উত্তর সিটির মেয়র পদেও উপনির্বাচন হয়।

উল্লেখ্য, সর্বশেষ ২০১৫ সালে চট্টগ্রাম ও ঢাকার দুই সিটিতে একই দিনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়ছিল। কিন্তু ওই সময় চট্টগ্রাম সিটি নির্বাচনের মেয়াদ পূর্ণ না হওয়ার কারণে চট্টগ্রাম সিটির নির্বাচিত মেয়র আ জ ম নাছির নির্বাচনের পরপরই দায়িত্ব নিতে পারেননি। এ কারণে ওই সিটির প্রথম বৈঠকও দেরিতে হয়েছিল। ফলে আগেরবার তিন সিটিতে একসঙ্গে নির্বাচন অনুষ্ঠিত হলেও এবারে ঢাকার দুই সিটিতে চট্টগ্রামের আগে নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ