ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, আওয়ামী লীগ বুঝতে পারবে জাতীয় সংসদ বহাল রেখে, কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন সম্ভব না।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটি ‘জাতীয় সংকট নিরসনে সরকারের প্রহসনমূলক আচরণ এবং নাগরিক ভাবনা’ শীর্ষক এই আলোচনা আয়োজন করে।
নির্বাচন প্রসঙ্গে মওদুদ আহমদ আরো বলেন, জোর করে একক নির্বাচন করতে গিয়ে আওয়ামী লীগ যখন একঘরে হয়ে যাবে এবং আন্দোলন এমন পর্যায়ে নেওয়া হবে একমাত্র বিকল্প নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়া ছাড়া তাদের কাছে কোনো পথ খোলা থাকবে না।
আয়োজক সংগঠনের সভাপতি সৈয়দ মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে এলডিপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব শাহাদাৎ হোসেন সেলিম, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।




