রাজপুত্তুর, কে তোমায় ডেকেছিল?
নীল সাগরের পানি?
নাকি সবুজ পাহাড়ের হাতছানি?
আকাশছোঁয়া সাংগ্রিলার—-
মায়াবি অতিথিশালা,
নাকি সারি সারি নারিকেল বিথীকার
রোদেলা বেলাভূমি?
ছুটির আনন্দে,হাওয়া বদলের অবসরে,
মা,বাবা,ছোট ভাইয়ের হাত ধরে,
লাল সবুজের বাংলাদেশ,প্রিয় জন্মভূমি ছেড়ে,
সোনালি ডানায়,সিলনের পথে।
তুমি ছিলে সকলের বুকের মানিক,
সাত রাজার ধন,আলোকজ্জল নক্ষত্ররাজি,
ঝিনুকের বুকে নিবিড় পরিচর্যায়,
বেড়ে ওঠা অনিন্দ্য সুন্দর এক মুক্তো।
তোমার অপেক্ষায় ছিল,বনানীর সবুজ আঙিনা, প্রিয়জনের আদর,ক্রিকেট খেলার প্রাঙ্গণ, এই শহর,বন্ধু,
স্বজন,আরো কতজন….
কিন্তু, ঘাতকের প্রতিহিংসার অনল,
ছড়িয়ে পড়লো,
ক্রাইচচার্চ থেকে সিংহলে।
আর সেই ইতিহাসের নীরব সাক্ষী হলে,তুমি,
হঠাৎ, অকস্মাৎ এ।
( শ্রীলংকায় ইস্টার সানডে ট্রাজেডিতে,নিহত জায়ান চৌধুরী স্মরণে)




